বাকস্বাধীনতা কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সংবিধানের ৩৯ ধারায় চিন্তা, বিবেক ও বলার স্বাধীনতা নিশ্চিত করা হলেও কাজকর্মে তার প্রয়োগ নেই। সাম্প্রতিককালে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে মনে হয়। এর প্রকৃষ্ট উদাহরণ হলো সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তার করে হয়রানি করা, যদিও পরবর্তী সময়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ।
শুধু আওয়ামী লীগ কিংবা বিএনপির নেতা-কর্মী নন, এর আগেও সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে অনেক সাংবাদিককে জীবন দিতে ও কারাবরণ করতে হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া। গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ব্লগার রাজীব হায়দার, লেখক অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান, অনন্ত বিজয় দাশ ও সর্বশেষ নীলাদ্রি চট্টোপাধ্যায়কেও মতামত প্রকাশের জন্য খুন করা হয়েছে।
দেশের সংবিধানেই আবার বলা হয়েছে, রাষ্ট্র নানা কারণে মত প্রকাশের অধিকারের ওপর যৌক্তিক সীমাবদ্ধতা আরোপ করতে পারে। ৫৭ ধারার সমস্যা হচ্ছে, এটি খুবই বিস্তৃত একটি ব্যাপার, এটাকে যেকোনোভাবে ব্যাখ্যা করা যায়। আর সংবিধানেও যে যৌক্তিক সীমাবদ্ধতার কথা বলা হয়েছে, তারও নির্দিষ্ট পরিসর নেই। এটার প্রয়োগের ক্ষেত্রে যে সতর্কতা ও বিচার-বুদ্ধি থাকার দরকার, তা আমাদের দেশে অনুপস্থিত। ফলে পুরো ব্যাপারটাই খুব দুরূহ। রাষ্ট্র হিসেবে বিকশিত হতে গেলে আমাদের সে যোগ্যতা অর্জন করতে হবে।
হাসান তারেক, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।