বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রায় ছয় হাজার শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সংখ্যাও সহস্রাধিক। ময়মনসিংহ জেলার সঙ্গে আশপাশের জেলাগুলোর বেহাল সড়কের কারণে বিশ্ববিদ্যালয়ের সবাই রেলপথ নিরাপদ মনে করে।
বিশ্ববিদ্যালয়ে রেলস্টেশন থাকা সত্ত্বেও তা সচল না থাকায় ভোগান্তির শেষ নেই। ভোরের ও মধ্যরাতের ঢাকাগামী ট্রেন ধরতে যেতে হয় ময়মনসিংহ রেলস্টেশনে।
এ সময় স্টেশনে যাওয়ার যানবাহন পাওয়া না গেলে হেঁটে যাতায়াত করতে হয়। এ সময় অনেকে ছিনতাইয়ের
কবলেও পড়ছে। এ ছাড়া ভোগান্তির হাত থেকে রেহাই পেতে অনেকে বেশি দামে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনতে বাধ্য হচ্ছে। এসব সমস্যার পরও রেল কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে দেখা যায়নি। তাই বিশ্ববিদ্যালয়ের সবার ভোগান্তি নিরসনের জন্য বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ রেলস্টেশন চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শাহরিয়ার আমিন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।