বাঘ ও পরিবেশ রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশসহ পৃথিবীর সর্বত্র ক্রমেই বাঘের সংখ্যা কমছে। জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিতভাবে নগরায়ণ, বনভূমি ধ্বংস ও সর্বোপরি জলবায়ু পরিবর্তনের কারণে বাঘের আবাসস্থলও দিন দিন কমে যাচ্ছে।

বাঘ আমাদের পরিবেশ এবং প্রাকৃতিক বাসস্থানের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ বাঘ রক্ষায় আমরা নির্বিকার, বাঘের সুষ্ঠু বংশবিস্তারে কারও উদ্যোগ নেই।

বাঘসহ প্রকৃতিবান্ধব বিভিন্ন প্রাণীকে রক্ষার পরিবর্তে অপরিকল্পিতভাবে নগরায়ণ এবং যান্ত্রিক বাহন বৃদ্ধি করে মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তোলা হচ্ছে। পরিবেশের ক্ষতি সত্ত্বেও প্রচুর পাহাড় কাটা হচ্ছে। এখনই সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় যান্ত্রিক যানবাহন নিয়ন্ত্রণ করা, যা অতি প্রয়োজন।

অন্যথায় আমরা যেমন বন হারাব, তেমনি এই পৃথিবী দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়বে। দেশ থেকে বাঘ চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। বন বাঁচলে পরিবেশ বাঁচবে এবং পরিবেশ বাঁচলে আমরা বাঁচব। কাজেই আমাদের বন রক্ষা করতে হবে। এ বিষয়ে সবার সচেতনতা কাম্য।

মোহাম্মদ অংকন

ঢাকা।