দেশের সামগ্রিক অর্থনৈতিক উত্থান-পতনের সব থেকে বড় সাক্ষী মধ্যম ও নিম্ন আয়ের মানুষেরা। কেননা, বাজেট, বন্যা, ফসলহানি কিংবা অন্য কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেলে তার আর রক্ষা পাওয়ার উপায় থাকে না। নানা অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে, কিন্তু আয় বাড়ে না।
মধ্যবিত্তের আতঙ্ক শুরু হয়ে যায় ব্যবহার্য পণ্যের দাম বাড়লেই। সরকারি চাকরিজীবীদের আয়ের কিছুটা নিরাপত্তা থাকলেও দ্রব্যমূল্যের বাড়তি চাপ তাদের জীবনও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আর বেসরকারি খাতের মধ্য আয়ের পেশাজীবীদের সংসার চলে জোড়াতালি দিয়ে। কারণ, বাজেট ঘোষণা মানেই নতুন করে কিছু পণ্যের দাম বৃদ্ধি, সীমিত আয়ে বাড়তি খরচ। বাজেটের বাড়তি করের বোঝা আর মূল্যস্ফীতির জাঁতাকলে পড়তে হয় মধ্যবিত্তকে।
বাজেট ঘোষণার পরপরই ব্যবসায়ীরা অনেক পণ্যের দাম ভ্যাটের নামে বাড়িয়ে দিয়েছেন। এ ছাড়া ডলারের মূল্যবৃদ্ধির অজুহাতেও অনেক জিনিসের দাম বেড়ে গেছে। অথচ ভ্যাট কার্যকর হবে ১ জুলাই থেকে। সরকার কতগুলো পণ্যে ভ্যাট অব্যাহতি ঘোষণা করেছে। কিন্তু বাজারে সেগুলো কার্যকর হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় আছে।
নতুন ভ্যাট আইন কার্যকর হলে হোটেল-রেস্তোরাঁর খাবার, বিদ্যুৎ বিলসহ সব পণ্য বা সেবা মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ হবে। ফলে আমাদের বেশি টাকা গুনতে হবে।
মৃদুল সরকার, ঢাকা।