২০১৪ সালে যখন একটি আইন তৈরি হয়, তখন সবার প্রত্যাশা থাকে সময়োপযোগী একটি আইন পাওয়ার। কিন্তু আমরা হোঁচট খেলাম, যখন দেখলাম কিছু নীতিনির্ধারক আমাদের দেশকে ৮৪ বছরের চেয়েও বেশি পিছিয়ে দিতে চাইছেন। কারণ, ১৯২৯ সালে পাস হয়েছিল বাল্যবিবাহ নিরোধ আইন। যাঁরা আইনের অনুমোদন দিয়েছেন, তাঁদের কাছে জানতে চাই, আপনার ১৬ বছরের মেয়েশিশুটি বা ১৮ বছরের ছেলেটি এখন কী করছে? নিশ্চয়ই স্কুল বা কলেজে পড়ে। সে কি একটি সংসারের দায়িত্ব নিতে প্রস্তুত? সে কি তার স্বামী বা স্ত্রীর সঙ্গে সহবাস করার মতো শারীরিকভাবে সক্ষম? নাকি সেটি আনন্দহীন জোরপূর্বক ধর্ষণে পরিণত হবে, যা ভেবে মা-বাবা যন্ত্রণা বোধ করবেন? মেয়েশিশুটির কি সন্তান ধারণ ও লালন-পালনের মতো শারীরিক শক্তি ও ধৈর্য রয়েছে? সন্তান জন্ম দিতে গিয়ে সে কি অকালে মারা যেতে পারে? তার শিশুটি কি পুষ্টি পাবে, নাকি অকালে মারা যাবে? সে কি বিয়ের পর পড়ালেখা, খেলাধুলা, নাটক, আবৃত্তি, গল্প লেখা, মতামত দেওয়া, পারিবারিক সিদ্ধান্তে অংশগ্রহণ করা বা বিশ্রামের সুযোগ পাবে? সে কি লেখাপড়া শেষ করে ভালো চাকরি করতে পারবে? সত্যিকার অর্থে সেই শিশুটি কি পরিপূর্ণ মানুষ হবে?
প্রশ্নগুলো নিজেকে করুন। গভীরভাবে ভাবুন, উপলব্ধি করুন। উত্তর যদি ‘না’ হয়, তাহলে আইনে বিজ্ঞানসম্মত ও উপযুক্ত বয়স রাখুন।
অর্পিতা দাস, উন্নয়নকর্মী।