গত ১৩ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের ‘ইমপ্রুভিং চিলড্রেনস লাইভস, ট্রান্সফরমিং দ্য ফিউচার’ শীর্ষক প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে প্রতি তিনটি বিয়ের দুটিতে কনের বয়স থাকে ১৮ বছরের নিচে। ৮০ শতাংশ গরিব পরিবারের মধ্যে বাল্যবিবাহ হয়, ধনীদের মধ্যে এই সংখ্যা ৫৩ শতাংশ।
এই ভয়াবহ সামাজিক সমস্যার কারণে নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়। বিদ্যালয় থেকে ঝরে পড়ে অসংখ্য শিক্ষার্থী। চিকিৎসাবিজ্ঞান বলছে, উপযুক্ত বয়সে বিয়ে না দিলে একজন কিশোরীর গর্ভধারণের ফলে স্বাস্থ্যঝুঁকি স্বাভাবিক মায়েদের চেয়ে বেশি হয়। মায়েদের মৃত্যুহারও বেড়ে যায়।
কিশোরী মায়েদের স্বাস্থ্যপুষ্টি বিষয়ে যথেষ্ট প্রস্তুতি থাকে না। পুষ্টিহীন শরীরে মায়ের সঙ্গে সঙ্গে সন্তানের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। এ সমস্যা সমাধানে সমাজে সচেতনতা বাড়াতে হবে। গ্রামে শিক্ষকদের কথা বেশির ভাগ লোক গুরুত্ব দেয়। বাল্যবিবাহ বন্ধে তাঁরা অগ্রণী ভূমিকা রাখতে পারেন।
এ ছাড়া মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, পুলিশিং কমিটির সদস্য, স্বাস্থ্যকর্মী, সচেতন অভিভাবক সমাজ এবং সব ধরনের গণমাধ্যম যদি বাল্যবিবাহ রোধে এগিয়ে আসে, তাহলে অদূর ভবিষ্যতে ইতিবাচক ও কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে।
মনোজিৎ মণ্ডল
খুলনা।