বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর নির্ধারণের জন্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বলে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল। বিভিন্ন মহলে সরকারের এই পরিকল্পনার তীব্র সমালোচনার ঝড় ওঠে। জাতিসংঘের শিশু অধিকার সনদে ১৮ বছর বয়সীদের শিশু হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। তাই দেশের বিদ্যমান আইনে মেয়েদের বিয়ের বয়স ১৮।
চিকিৎসাশাস্ত্রমতে, একটি মেয়ে কোনোক্রমেই ১৮ বছরের আগে শারীরিক ও মানসিকভাবে বিয়ের যোগ্য হয়ে ওঠে না। আইনে মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম ১৮ বছর করা সত্ত্বেও আইনকে উপেক্ষা করে দেশে এখনো ১৮ বছরের আগেই ৬৬ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে।
তীব্রভাবে সমালোচিত হওয়ার জন্য সরকার এই আইনটি সংশোধনের ব্যবস্থা নিচ্ছে। বলা হচ্ছে, বিয়ের বয়স ১৮-ই থাকছে তবে মা-বাবা চাইলে ১৬ বছরেও বিয়ে হতে পারে। যেখানে মেয়েদের বিয়ের বয়স ১৮ হওয়া সত্ত্বেও ১৮ বছরের আগেই ৬৬ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, সেখানে এই আইন বাল্যবিবাহের আধিক্য কোনোক্রমেই ঠেকাতে পারবে না। সরকারের এই নতুন কৌশলে বাল্যবিবাহ দেশে আরও বেড়ে যাবে।
মাহতাব আলী
মিরপুর-১৩, ঢাকা।