বাসভাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজির দাম বাড়ানোর অজুহাতে বাসভাড়া বৃদ্ধির পাঁয়তারা শুরু হয়েছে। সিএনজির দাম এই সামান্য পরিমাণে বাড়ানোর অজুহাতে বাসভাড়া বাড়ানোর যৌক্তিকতা নেই। কেননা, এখন প্রতিটি রুটেই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এ ছাড়া সিটিং, ডাইরেক্ট, গেটলকের নামেও অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। অথচ পরিবহন বিধিতে এসব সার্ভিসের কোনো উল্লেখ নেই।
মিরপুর-গুলিস্তান রুটের ভাড়া হওয়ার কথা ১৬ টাকা, কিন্তু কোম্পানিভেদে সে ভাড়া আদায় করা হয় ২০ টাকা, ২২ টাকা ও ২৪ টাকা। মিরপুর থেকে আবদুল্লাহপুরের (ভায়া ফার্মগেট) ভাড়া ছিল ৩০ টাকা। কিন্তু এখন কালশী হয়ে এ রুটের দূরত্ব অর্ধেক কমে গেছে, কিন্তু ভাড়া ৩০ টাকাই আদায় করা হচ্ছে। তাই ভাড়া যদি বৃদ্ধি করতেই হয়, তবে আগে প্রতিটি রুটের ভাড়া কিলোমিটার অনুযায়ী সঠিক আছে কি না, তা যাচাই করা হোক।
এ লক্ষ্যে বাস মালিক সমিতি, বাস যাত্রী সমিতি ও বিআরটিএর সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হোক। এই কমিটি প্রতিটি রুটের দূরত্ব সরেজমিন পরীক্ষা করে ভাড়া নির্ধারণ করবে। এতে ভাড়া নিয়ে সব অভিযোগের অবসান হবে।
মো. আলী হায়দার
পল্লবী, ঢাকা।