এবারও যথারীতি শুষ্ক মৌসুমে ঢাকার রাস্তাঘাট সংস্কার হচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময় অনেকে কথা বললেও কর্তৃপক্ষের যেন টনক আর নড়ে না। আবার আমাদের অর্থবছরের মেয়াদের কারণেও সমস্যা হচ্ছে। অর্থবছরের মেয়াদ জুলাই-জুন না হয়ে জানুয়ারি-ডিসেম্বর হওয়া উচিত। এতে কিছু কাঠামোগত সমস্যা দূর হবে।
এমনিতেই আমাদের দেশের ভূমি পলি মাটির হওয়ায় বাতাসে ধুলাবালি বেশি ছড়ায়। তারপর একদিকে শুষ্ক মৌসুমে সংস্কারকাজ শুরু হয়, অন্যদিকে কাজের সময় যথাযথ সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয় না। ফলে এই সময় বায়ুদূষণ মারাত্মক বেড়ে যায়। ইতিমধ্যে আমরা বিভিন্ন গবেষণা থেকে জানতে পেরেছি, ঢাকার বাতাসে ধুলার পরিমাণ অতিমাত্রায় বেশি। এতে মানুষ ফুসফুসজনিত নানা সমস্যায় ভুগছে। বিশেষ করে, বিগত কয়েক বছরে ঢাকায় শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বেড়ে গেছে। আবার সংস্কারের সময় মানুষের চলাচল বিঘ্নিত হয়। আমরা এই দুর্দশা থেকে রেহাই চাই।
দেশের উন্নয়ন হচ্ছে, বিদেশিদের আগমন বেড়ে গেছে। তাঁরা এখানে এসে নানা অসুবিধা মোকাবিলা করছেন। ফলে ব্যবসা-বাণিজ্যের গতি বাড়াতেও বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
এডওয়ার্ড গৌতম
ঢাকা।