জনবহুল ঢাকায় যানবাহনের সমস্যা চিরাচরিত প্রথা হয়ে দাঁড়িয়েছে। এর বিশেষ অংশের জন্য দায়ী আমাদের সামাজিক ব্যবস্থার আমলাতান্ত্রিক জটিলতা এবং ইচ্ছা করে সমস্যা জিইয়ে রাখা। মনে হয়, সরকারের চেয়ে মধ্যবর্তী একটা গোষ্ঠী অনেক বেশি শক্তিশালী।
অফিস সময়ে দেখা যায়, বিশেষ কিছু স্থানে অফিসে যাওয়ার জন্য সবাই তীর্থের কাকের মতো দাঁড়িয়ে আছেন। যেমন রামপুরা, বনশ্রী, খিলগাঁও আমতলা, রামপুরা ব্রিজ বা মতিঝিল শাপলা চত্বর এলাকা। অফিস সময়ে এসব এলাকা থেকে আপ-ডাউনে দুই-তিনটি বিআরটিসি বাস চালু করলে সহজেই সমস্যার সমাধান সম্ভব না হলেও অনেকাংশে কেটে যাবে, তা নিশ্চিত করে বলা যায়।
শোনা যায়, এসব এলাকায় বিআরটিসি বাস চলাচলে একটা তস্কর শ্রেণি বিশেষভাবে বাধা দেবে; হয় তারা এসব এলাকার চাঁদাবাজ, টেম্পোর মালিক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু উচ্ছৃঙ্খল সদস্য। যাঁরা এসব এলাকায় চলাচলরত অন্যান্য পরিবহনের মালিক, তাঁদের প্রত্যক্ষ মদদে এসব এলাকায় সরকারি জনহিতকর পরিবহন যেমন বিআরটিসির মতো বাসগুলো চলতে পারে না।
দেশের অন্যান্য স্থান যেমন কুমিল্লার মতো ফেনী থেকেও বিআরটিসি বাস চালু করার কথা ছিল। জেলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকাগামী বিভিন্ন পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় এসব এলাকার লোকদের বিশেষ করে কোরবানি ঈদে চরম ভোগান্তির শিকার হতে হয়। অথচ সরকারি সংস্থাগুলো যেমন বিআরটিসি, রেলওয়ে ও বিআইডব্লিউটিএকে ইচ্ছা করে দুর্বল করে রাখা হয়েছে।
তাই সরকারি প্রতিষ্ঠানের আরও বেশি তৎপর হওয়া উচিত। তা ছাড়া, আজ পর্যন্ত ভাড়াটেদের সম্পর্কে কোনো সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হয়নি। এসব দেখার কি কেউ নেই?
এমদাদুল ইসলাম
ঢাকা।