বিএড ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) কোর্সে ভর্তির আবেদন চাওয়া হয়েছে। বিজ্ঞাপনে বিএড কোর্সে ভর্তির যোগ্যতা হিসেবে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তিন বছরের পাস কোর্সে স্নাতক অথবা চার বছরের সম্মানসহ স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে।
অর্থাৎ বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত অন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা কেউ এই কোর্সে ভর্তি হতে পারবেন না।
সরকারি বিশ্ববিদ্যালয় একটি সর্বজনীন প্রতিষ্ঠান। একটি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীরাই শুধু ওই বিশ্ববিদ্যালয়ের আরেকটি কোর্সে ভর্তি হতে পারবেন, এ রকম ঘোষণা কি বৈষম্যমূলক নয়। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের বিএড কোর্সটি সারা বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকদের পেশাগত বুনিয়াদি প্রশিক্ষণ নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম।
সমস্যার এখানেই শেষ নয়। পুরোনো সিলেবাসে যাঁরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরে স্নাতক (পাস) এবং তিন বছরের স্নাতক (সম্মান) পাস করেছেন, তাঁরাও এই কোর্সে আবেদন করতে পারবেন না। এ যেন নিজের দেওয়া ডিগ্রি নিজেই অস্বীকারের শামিল।
এ ছাড়াও ২০০৮ সালে যাঁরা স্নাতক পাস করেছেন, তাঁদের আবেদন অনলাইনে নেওয়া হচ্ছে না। এদিকে কর্মরত শিক্ষকদের সরাসরি বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডিনের কাছে আবেদন করতে বলা হয়েছে। এটা কোন ‘ডিজিটাল’ বাংলাদেশের রীতি তা আমাদের বোধগম্য নয়।
আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।
জয়দীপ দে, চট্টগ্রাম।