নিমসার কুমিল্লা জেলার একটি অন্যতম ব্যস্ত জায়গা, যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুক চিরে চান্দিনা ও ক্যান্টনমেন্টের মাঝামাঝি বুড়িচংয়ে অবস্থিত।
এখানে প্রায় বাংলাদেশের সব জায়গা থেকেই কাঁচামাল আসে। নিমসারকে ঘিরে একটি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ ও দুটি সিএনজি স্টেশন গড়ে উঠেছে। ফলে প্রতিদিন এখানে প্রচুর লোকসমাগম হয়।
বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যা এশিয়ান হাইওয়ে চার লেন হওয়ায় রাস্তা পারাপার আরও কঠিন হয়ে গেছে। এতে কাঁচামালের ব্যবসায়ীসহ ছাত্রছাত্রী ও বৃদ্ধরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। ফলে দুর্ঘটনাও হচ্ছে।
এ ছাড়া কাঁচামালবোঝাই গাড়ি মহাসড়কের ওপর দিয়ে এক পাশ থেকে অন্য পাশে আনা-নেওয়ার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। তাই রাস্তা পারাপারে একটি বিকল্প সড়ক করা দরকার।
আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবি বিবেচনা করবে। এতে সবারই উপকার হবে।
মাহমুদা আক্তার
নিমসার, কুমিল্লা।