আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখে প্রায়ই একটা কথা শোনা যায়, আইন নিজের হাতে তুলে নেবেন না। কেননা, আইন নিজের হাতে তুলে নেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। তাই একজন সাধারণ মানুষ যখন কোনো ব্যক্তিকে হত্যার মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেয়, তখন নির্দ্বিধায় তাকে শাস্তি ভোগ করতে হয়। এখন প্রশ্ন হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য যদি আইন নিজের হাতে তুলে নেন; তাহলে তাঁরা কি শাস্তি পেতে পারেন না?
আমাদের দেশে প্রায়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে অনেকের মৃত্যু ঘটে। অথচ এসবের বিচার হয় না বললেই চলে। যদিও বলা হয় আইন সবার জন্য সমান, তাহলে কেন এই বৈষম্য? তা ছাড়া, সম্প্রতি মানবাধিকার সংগঠন অধিকার তাদের এক গবেষণায় জানিয়েছে, বিগত সাত বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে মৃত্যুবরণ করেছে শতাধিক মানুষ।
কথা হচ্ছে, যা-ই হোক না কেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তো কাউকে হত্যা করার অধিকার নেই। একটি সুশৃঙ্খল বাহিনী কীভাবে এ কাজ করে?
মো. মানিক উল্লাহ, সিরাজগঞ্জ।