বিজ্ঞানের শিক্ষার্থীরা পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ আগস্ট প্রকাশিত ‘টানা ছয় বছর পিছিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা’ প্রতিবেদনের ব্যাপারে কিছু কথা বলতে চাই।
প্রতিবেদনটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমি বলব, সত্যিই বিজ্ঞানের বিষয়গুলো আগের চেয়ে অনেক জটিল করা হয়েছে। তথাপি অন্যান্য বোর্ডের তুলনায় রাজশাহী বোর্ডের রেজাল্ট ভালো নয়। মূলত রাজধানী ও রাজধানীর আশপাশের প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যবস্থাপনা ও পাঠদান পদ্ধতি যতটা উন্নত, উত্তরবঙ্গের প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা তেমন নয়।
তার পরও প্রাইভেট বাণিজ্যের কারণে শিক্ষকেরা ক্লাসে মনোযোগী নন, একই কারণে ছাত্রছাত্রীরাও ক্লাসে মনোযোগী নয়। শিক্ষক প্রাইভেট পড়ান ছাত্ররা পড়ে। না পড়েই বা কী উপায় থাকে, কারণ ক্লাসের গুরুত্ব কম এবং অনেক ক্ষেত্রে শিক্ষকেরা যোগ্য নন। আর কিছু অভিভাবকও রয়েছেন, যাঁরা মনে করেন প্রাইভেট পড়লেখায় সন্তান ভালো করবে। এ সময় অনেকেই আওয়াজ তুলবেন শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে। বলবেন, ‘শিক্ষকেরা আর্থিকভাবে লাভবান নন তাই তাঁরা প্রাইভেট পড়ান’। কিন্তু বর্তমানে প্রাইভেট পড়ানো ব্যাধিতে রূপান্তরিত হয়েছে যে বেতন বৃদ্ধি করলেও এ ব্যাধি দূর হবে না, তার ওপর আবার তথাকথিত সচেতন অভিভাবকের (!!) চাপ তো আছেই। এখানে সিলেবাস শেষ করানোই থাকে মূল লক্ষ্য, কোনো সৃজনশীল ভাবনার স্থান নেই।
অন্যদিকে ব্যবহারিক ক্লাসের যেমন প্রাধান্য নেই, তেমনি ব্যবহারিকের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই। অতীতে মানুষের এমন সুবিধা ছিল না, তাঁরা অনেক চেষ্টা-প্রচেষ্টার দ্বারা নিজেদের উন্নতি করেছেন। আমাদেরও চেষ্টা-প্রচেষ্টার অন্ত নেই, তবে এ চেষ্টায় তাঁদের মতো একাত্মতা নেই।
এই বিপর্যয়ে উচ্চমহল কী করবে জানি না, তবে ছাত্রছাত্রীদেরও এই ব্যাপারে সচেষ্ট হতে হবে। ছাত্রছাত্রীদের এক হয়ে
এই ব্যবস্থা বদলাতে হবে। ক্লাসে আগ্রহী হতে হবে, কারণ ক্লাসেও অনেক বিষয় শেখার থাকে।

দ্যুতি অরণ্য, সিরাজগঞ্জ।