বিজ্ঞাপন বিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞাপন হলো উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে ধারণা, পণ্য ও সেবার প্রচার। টেলিভিশন চ্যানেলগুলো তাদের প্রচারিত খেলাধুলা, নাটক, সিনেমা বা অন্যান্য অনুষ্ঠানের মধ্যে বিজ্ঞাপন প্রচার করে থাকে। চ্যানেল পরিচালনার জন্য আর্থিক জোগানের একটা বড় অংশ আসে এই বিজ্ঞাপন থেকে। কিন্তু যখন চ্যানেলগুলো অতিরিক্ত বিজ্ঞাপন প্রকাশ করে, তখন দর্শকেরা বিরক্তিবোধ করেন।
টিভিতে নাটক দেখতে বসলে নাটকের চেয়ে বিজ্ঞাপন বেশি দেখা যায়। ফলে নাটকগুলো দেখার ইচ্ছা থাকলেও বিরক্তিকর বিজ্ঞাপন বিরতির জন্য তা আর দেখা হয়ে ওঠে না। আমাদের প্রতিবেশী দেশের দিকে খেয়াল করলে দেখা যায়, তাদের অনুষ্ঠানগুলোর মধ্যে বিজ্ঞাপন সম্প্রচারের পরিমাণ আমাদের চেয়ে অনেকটাই কম। আমাদের দেশের চ্যানেলগুলোতে কোনো খেলা প্রচারিত হলে টেলিভিশনের পুরো পর্দার চারপাশ জুড়ে নানা আকারের বিজ্ঞাপন দেখা যায়। ফলে ঠিকমতো খেলাই দেখা যায় না। মনে হয়, দেশের অধিকাংশ দর্শক অতিরিক্ত বিজ্ঞাপনের জন্য দেশীয় চ্যানেল ছেড়ে বিদেশি চ্যানেলের দিকে নজর দিচ্ছে।
আবার এটাও ঠিক, বিজ্ঞাপন না পেলে চ্যানেলগুলো চলবে কী করে। সে কারণে বিজ্ঞাপন সম্প্রচার বা অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে টিভি চ্যানেলগুলোর আরও পেশাদার হওয়া উচিত, যাতে বিজ্ঞাপনের পরিমাণ সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়। সেটা করতে পারলে কম বিজ্ঞাপনেই অধিক রাজস্ব আয় করা সম্ভব।
মো. নিজাম উদ্দিন, মৌলভীবাজার।