বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের লাখো যাত্রীর প্রত্যাশা পূরণ করে গত বছরের ১৯ ডিসেম্বর ময়মনসিংহ থেকে সরাসরি চট্টগ্রামের উদ্দেশে বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয়। বাসের চেয়ে তুলনামূলক স্বল্প খরচ, আরামদায়ক ও নিরাপদ হওয়ায় প্রথম দিন থেকেই ট্রেনটি ছিল যাত্রীতে পরিপূর্ণ।
যাত্রা শুরুর মাত্র ১৫ দিনের মধ্যে দেরিতে ট্রেন ছাড়া, অনির্ধারিত যাত্রাবিরতি, অসংখ্য হকারের উপস্থিতি ইত্যাদি কারণে বিজয় এক্সপ্রেস ময়মনসিংহ অঞ্চলের যাত্রীদের কাছে এখন চরম দুর্ভোগের ট্রেনে পরিণত হয়েছে।
এ প্রসঙ্গে বিজয় এক্সপ্রেসের এক যাত্রার বিবরণ দিচ্ছি: নির্ধারিত সময় সাড়ে ছয়টার পরিবর্তে সোয়া সাতটায় বিজয় এক্সপ্রেস ময়মনসিংহ থেকে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। তারপর নির্ধারিত সময় ৭টা ২০ মিনিটের পরিবর্তে সাতটা ৫৫ মিনিটে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে যাত্রা শুরু করে। তারপর নির্ধারিত সাতটি যাত্রাবিরতি ছাড়াও আরও ১০টি অনির্ধারিত যাত্রাবিরতি, শেষে সাড়ে চারটার পরিবর্তে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ট্রেনটি ময়মনসিংহে পৌঁছায়।
দীর্ঘ এ যাত্রার সময়ে ট্রেনটির প্রতিটি বগিতে ছিল হকার, ফলবিক্রেতা, ফকির ও সাহায্য প্রার্থীদের অবাধ বিচরণ। ট্রেনটিতে একটি খাবারের বগি থাকলেও অল্প জেলিসহ ২০ টাকা মূল্যের দুই টুকরা পাউরুটি ও ৩০ টাকা মূল্যের ঠান্ডা ছোট আকারের কাটলেট ছাড়া আর কোনো খাবারের ব্যবস্থা ছিল না।
বিজয় এক্সপ্রেসের এই অবস্থা চলতে থাকলে ট্রেনটি অচিরেই যাত্রীসংকটে পড়বে। কর্তৃপক্ষের টনক নড়বে কি?
শিল্পী সরকার, ময়মনসিংহ।