বাংলাদেশে প্রতিবছরই নানা কাজে বিভিন্ন দেশের নাগরিক এসে থাকেন। ফুটবলার, তৈরি পোশাকশিল্পের ব্যবসায়ী, ছাত্র ও পর্যটক হিসেবে এসে অনেকে যুক্ত হয়ে যাচ্ছেন নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে। তাঁদের অনেকেই নিত্যনতুন সব প্রতারণার ফাঁদ পেতে বসছেন।
অস্ত্র, সোনা ও মাদক চোরাচালান, জাল মুদ্রার কারবার, এটিএম কার্ড জালিয়াতি, নারী পাচার, এমনকি জঙ্গি কর্মকাণ্ডে মদদ দেওয়ার মতো অপরাধেও অনেকে জড়িয়ে যাচ্ছেন। এসব অপরাধ ঠেকানো সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
এটা ঠিক, তাঁদের আগমন বন্ধ করা সমীচীন নয়। তবে কার্যকর পদক্ষেপের মাধ্যমে ছদ্মবেশী বিদেশি অপরাধী চক্রের অপতৎপরতা কমিয়ে আনা সম্ভব। বিদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ ও যথাযথ তদারকির জন্য ‘বিদেশি নাগরিক নিবন্ধন আইন ২০১৫’ বাস্তবায়ন করতে হবে। এতে সব বিদেশিই নজরদারিতে চলে আসবেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় থাকতে হবে। ভিসার মেয়াদ শেষ হলেই তাঁদের ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে।
তা ছাড়া কাউকে সন্দেহজনক মনে হলে মেয়াদ থাকা সত্ত্বেও তাঁদের কঠোর নজরদারিতে রাখতে হবে। তাঁরা তথ্যপ্রযুক্তি ব্যবহারে সিদ্ধহস্ত। তাই এ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সহযোগিতা অধিক ফলপ্রসূ হতে পারে।
আলমগীর ইমন
সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম।