বিদেশে নারী শ্রমিক
যে নারী বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে তিন বেলা পেট ভরে খেতে পারতেন না, সেই নারী পোশাকশিল্প কারখানায় কাজ করে
এখন একরকম পেটে–ভাতে বেঁচে আছেন। তবে তার জন্য তঁাদের প্রচুর পরিশ্রমও করতে হয়। এখন পর্যন্ত পোশাকশিল্প কারখানায় শ্রমিকেরা ন্যায্য মজুরি পাচ্ছেন না। আছে নানা রকমের হয়রানি।
যদি আমাদের দেশের পোশাকশিল্প কারখানাগুলো ন্যায্য মজুরি দিত, তাহলে এ দেশের নারীরা বিদেশে চাকরিতে যেতে এত ইচ্ছুক হতেন না। এ দেশে শ্রম খুবই সস্তা। যার কারণে ইউরোপীয় ও মার্কিনরা আমাদের এখান থেকে পোশাক কিনে সুবিধা পাচ্ছে। তা ছাড়া আমাদের দেশে উৎপন্ন পোশাক খুবই মানসম্পন্ন। এ দেশের নারীদের হাতের কাজ খুবই সুন্দর।
কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমাদের দেশ থেকে বহু নারী বিভিন্ন দেশে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। বর্তমানে সৌদি আরবে নারীদের চাকরিতে যাওয়ার কথা হচ্ছে। কিন্তু নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা হচ্ছে না। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিদেশফেরত একজন নারী শ্রমিকের সাক্ষাৎকার দেখলাম। যে বাসায় তিনি চাকরি করতেন, সেই বাসার প্রধান অভিভাবককে তিনি বাবা ডেকেও রেহাই পাননি। বয়স্ক পুরুষ লম্পট ওই নারীকে ধর্ষণ করেছে।
তাই বিদেশে নারী শ্রমিকদের পাঠানোর আগে তঁাদের নিরাপত্তার বিষয়টি ভেবে দেখা উচিত।
সাইফুল ইসলাম তানভীর, ঢাকা।