বিপর্যস্ত সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার সঙ্গে উত্তরখানের সড়ক যোগাযোগের একমাত্র ব্যবস্থা মুক্তিযোদ্ধা রোড। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে। কিন্তু মাজার রোড থেকে কাঁচাবাজার পর্যন্ত সড়কের অবস্থা এতটাই খারাপ যে প্রতিদিন এই সড়কে ছোট-বড় দুর্ঘটনা হচ্ছেই। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। কোথাও উঠে গেছে পিচ। আবার কোথাও কিছু কাজ করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হয়েছে।
পানি জমে থাকা গর্ত দূর থেকে দেখলে মনে হয়, যেন একটি মিনি পুকুর। আর এসব গর্তে প্রায়ই আটকে যাচ্ছে মালবাহী ট্রাক। সৃষ্টি হচ্ছে যানজট। নষ্ট হচ্ছে পথিকদের প্রয়োজনীয় সময়। জরুরি কাজ সারতে ছুটে চলা লোকজনকে পড়তে হচ্ছে বিপাকে। সিএনজিচালিত অটোরিকশায় চলতে চলতে কথা বলছিলাম কাঁচাবাজার এলাকার ষাটোর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে। সড়কের খারাপ অবস্থার কথা বলতেই তিনি বলে উঠলেন, ‘কোনো ভালো মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না।’ বরিশাল থেকে আসা আরিফ বলছিলেন, এত খারাপ অবস্থা জানলে আসতাম না।
এলাকাবাসী সড়কের বিভিন্ন জায়গায় ব্যানার লাগিয়েও সাড়া পায়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। ব্যানার লাগানোর পর কয়েক দিন চলে গেলেও সড়কের কাজে কেউ এগিয়ে আসেনি। সড়কের এমন অবস্থা থাকলে সবচেয়ে বেশি ক্ষতি হবে গার্মেন্টস মালিকদের। ভাঙা রাস্তা সময়মতো তাঁদের পণ্য পরিবহনের একটি সমস্যা। তাই এলাকাবাসী সড়কটির উন্নয়নের জন্য কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছে।
সামিউল ইসলাম, উত্তরখান, ঢাকা।