সরকারি চাকরির সুবাদে আর নিজস্ব উদ্যোগে দুনিয়ার অনেক দেশে যাওয়া এবং অনেক বিমানবন্দর দেখার সুযোগ আমার হয়েছে। সর্বত্রই বিমানযাত্রীদের যাঁরা ‘রিসিভ’ করতে আসেন, তাঁদের বসে অপেক্ষা করার জন্য স্বস্তিদায়ক ব্যবস্থা প্রস্থানপথের সঙ্গেই সংযুক্ত থাকে। সেখানে বিমানসমূহের ওঠানামা-সংক্রান্ত তথ্যসংবলিত টিভি মনিটরও থাকে, যাতে করে প্রত্যাশিত প্যাসেঞ্জারের প্লেনটির আগমন সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তেমন ব্যবস্থা নেই। ফলে প্রতিনিয়ত বিদেশে অবস্থানরত তথা স্বদেশে প্রত্যাবর্তনকারী নিকটাত্মীয়দের ‘রিসিভ’ করার উদ্দেশ্যে বিমানবন্দরে আগত আমজনতা, যাঁদের মধ্যে ষাটোর্ধ্ব বৃদ্ধ ও শিশুসহ নারীরাও থাকেন, তাঁদের পার্কিং ভবনের পাশে ফ্যানবিহীন, অপরিচ্ছন্ন, অর্ধাবৃত জায়গায় ঘণ্টার পর ঘণ্টা অনিশ্চিতভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছি।
এর আগে জনপ্রতি ২০০-৩০০ টাকা দিয়ে টিকিট কেটে শীতাতপনিয়ন্ত্রিত নির্দিষ্ট স্থান পর্যন্ত যাওয়া যেত। তখনো সে স্থানে স্বস্তিদায়ক বসার ব্যবস্থা রাখা হতো না, বোধ করি এ কারণে আর কেউই ২০০-৩০০ টাকা খরচ করে ভেতরে যাবে না।
প্রসঙ্গত, কাউকে ‘সি অফ’ করতে গেলে প্যাসেঞ্জার ছাড়া আর কাউকে টার্মিনাল ভবন পর্যন্ত যেতে দেওয়া হবে না, তাঁকে ঊর্ধ্বমুখী রাস্তার শুরুতেই নেমে গিয়ে প্রায় আধা মাইল হেঁটে তাঁর গাড়ির ড্রাইভার প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে আসা পর্যন্ত রোদ-বৃষ্টি উপেক্ষা করে অপেক্ষা করতে হবে, অথবা তাঁকে মিথ্যা বলতে বাধ্য করা হবে—এটাই বা কোন ধরনের বিচার ও নিয়ম? যাঁরা এ ধরনের অবাস্তব ফরমান জারি করেন, তাঁরা তা ভেবে করেন কি না বুঝি না।
আতাউর রহমান, ঢাকা।