মানুষের চিন্তার উন্নতি ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউনেসকো ২০০২ সাল থেকে দর্শন দিবস পালন করে আসছে। ২০০৫ সালে ইউনেসকো এক সাধারণ অধিবেশনে এটিকে ‘বিশ্ব দর্শন দিবস’ ঘোষণা করে। ইউনেসকো, তথা সারা বিশ্বের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার নানা আয়োজনে দিবসটি পালন করে থাকে।
বর্তমান বিশ্ব এক জটিল সমস্যার মধ্য দিয়ে অতিক্রম করছে। এ সমস্যা থেকে পরিত্রাণের উপায়স্বরূপ ইউনেসকো দিবসটির ঘোষণা দেয়। মানুষ তার প্রখর বুদ্ধিবলে প্রযুক্তিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। সুদূর মঙ্গল গ্রহে মনুষ্যযান পৌঁছেছে। কিন্তু এটিও সত্য যে বিজ্ঞান ও প্রযুক্তির যে গতিতে উন্নতি ঘটছে, মানুষের মানবিকতা ও নৈতিক চেতনা বোধের সেভাবে উন্নতি ঘটেনি; বরং অবনতিই ঘটেছে।
রাষ্ট্র ও সমাজের মানুষের শুভচিন্তা একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে এবং শান্তি স্থাপন করতে পারে। তাই সারা বিশ্বকে আজ সেই শুভচিন্তার উন্মেষ ঘটাতে হবে।
আজ বিশ্বের বহু দেশে গণতন্ত্র পূর্ণরূপে প্রতিষ্ঠা লাভ করতে পারছে না, সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, অর্থনৈতিক বৈষম্য বেড়েই চলছে, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা লাভ করতে পারছে না। সবকিছুর জন্য মানুষের অনৈতিক চিন্তাই দায়ী।
একটি দেশ তখনই সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করতে পারে, যখন সে দেশের মানুষ তাদের দেশের উন্নতি ও কল্যাণের প্রয়াসে মানুষের মধ্যে নৈতিক চিন্তা করে।
দেশ পরিচালনাকারী ও সমগ্র রাষ্ট্রের মানুষের মধ্যে যদি নৈতিক ও সৎ ভাবনা বিরাজ করে, তাহলে দেশের উন্নতি ও কল্যাণ অবশ্যই ঘটবে। দেশে শান্তি প্রতিষ্ঠা পাবে। তাই আসুন, আজ সবাই নিজের দেশ, তথা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নৈতিক দর্শনকে উপলব্ধি করি।
সুকদেব বিশ্বাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।