বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা ২০১৩ সাল। সে বছর ছিল আমার ভর্তির বছর। এইচএসসি পরীক্ষার পর ভর্তি হলাম কোচিংয়ে, মফস্বল শহর যশোরে। প্রায় ১০ হাজার টাকা গেল কোচিংয়ে ভর্তি হতে। নানা কোচিং থেকে বের করা বিভিন্ন বই তো এর সঙ্গে আছেই। এত পরিমাণ বই কিনলাম যে কোনটা রেখে কোনটা পড়ব, এই চিন্তায় দিশেহারা।
কোচিংয়ের ক্লাস প্রথম দিকে ভালো হলেও এক মাস পর ফুটে উঠল তাঁদের প্রকৃত পরিচয়। ক্লাস ঠিকমতো হয় না। বলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্লাস নেবেন। দেখা গেল, স্থানীয় সরকারি কলেজের ছাত্ররা ক্লাস নেন।
কিন্তু আমার স্বপ্ন তো পূরণ করতেই হবে। কোচিং বাদ দিয়ে নিজেই পড়া শুরু করলাম। একসময় ভর্তির সার্কুলার দেওয়া শুরু হলো। কবে, কখন, কোথায় পরীক্ষা দিতে যাব, এই চিন্তায় পড়তে পারিনি শেষের দিকে। শুরু করলাম ফরম তোলা।
এরপর শুরু হলো নতুন সমস্যা—কবে, কোথায়, কোন পরীক্ষা দেব, এ নিয়ে চিন্তা শুরু হলো। হিসাব করে দেখলাম, আমি যদি সব জায়গায় পরীক্ষা দিই, তাহলে কমপক্ষে ৩০ হাজার টাকা খরচ হবে যাতায়াত হিসেবে। দেশের এ-কোনা থেকে ও-কোনা ঘুরে বেড়াতে হবে।
মফস্বল শহর থেকে আসা ছাত্রদের পরিচিত কেউই থাকে না। ফলে সেই বিশ্ববিদ্যালয়ের মসজিদ বা বারান্দায় গিয়ে আশ্রয় নেন তাঁরা। পরীক্ষার সময় বেশির ভাগ ছাত্রের স্থান হয় বিশ্ববিদ্যালয়ের হলগুলোয়। পরীক্ষার আগের দিন রাতে দেখা যায়, চারজন থাকা যায় এমন একটি রুমে ৩০ জন এসে উপস্থিত। রুমের ছাত্ররা সারা রাত না ঘুমিয়ে ছাত্র থাকার ব্যবস্থা করে দেন।
এ অবস্থায় শুধু প্রথমবার পরীক্ষা দিয়ে একজন মফস্বলের ছাত্রের পক্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া খুবই কঠিন। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।
এ ছাড়া মেডিকেলের পরীক্ষার মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একত্রে নেওয়ার ব্যবস্থা করা হলে অনেকেই ভোগান্তি ও অর্থ অপচয় থেকে বেঁচে যাবেন।

আহসান রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়।