বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা যেন রীতিমতো যুদ্ধ। প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের সুবিধামতো সময়ে পৃথক পৃথক দিনে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করে। ফলে ছাত্রছাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সমীক্ষায় দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীপ্রতি খরচ হয় ৪৩ হাজার টাকা।
এতে একদিকে শিক্ষার্থী যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি শিক্ষাব্যবস্থার প্রতি তঁার বিরূপ মনোভাব সৃষ্টি হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য সমন্বিত পদ্ধতি কার্যকর করলে শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানিসহ আর্থিক ক্ষতির পরিমাণ কমত। শিক্ষার্থীরাও একই দিনে একই প্রশ্নপত্রে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারতেন। কথা হচ্ছে, যেখানে আমাদের মেডিকেল কলেজগুলো একই দিনে একই পরীক্ষার মাধ্যমে সারা দেশের ভর্তি পরীক্ষা নিয়ে থাকে, সেখানে বিশ্ববিদ্যালয়গুলো কেন তা পারবে না। এর জন্য আসলে আন্তরিকতার প্রয়োজন।
এ ক্ষেত্রে অবশ্য প্রকৌশল, বিজ্ঞান, প্রযুক্তি ও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা একটি ভাগে এবং সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা অন্য ভাগে নেওয়া যেতে পারে। প্রকৌশল, বিজ্ঞান, প্রযুক্তি ও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর তিনটি পরীক্ষা এবং সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য তিনটি ইউনিট করে তিনটি পরীক্ষা নেওয়া যেতে পারে। এই ব্যবস্থা নেওয়া হলে সবাই উপকৃত হবে।
জান্নাতুল ফেরদাউস, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।