ভর্তি সমস্যা আমাদের শিক্ষাজীবনের পুরোনো এক সমস্যা। শিক্ষাজীবনের প্রথম ধাপ থেকে শেষ ধাপ পর্যন্ত সব জায়গাতেই এই সমস্যা বিদ্যমান। অথচ একটু সচেতনতা, একটু আন্তরিকতা এ সমস্যার সুষ্ঠু সমাধান দিতে পারে বলে আমি মনে করি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করানোর জন্য নিজের সন্তানকে সেখানে নিয়ে গিয়েছিলাম। দেখলাম, বহু অভিভাবক দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। অনেকে পুরো পরিবার নিয়ে। অপেক্ষারত অভিভাবকেরা কেউ সবুজ ঘাসের ওপর চাদর বিছিয়ে বসে অপেক্ষা করছেন, পাশে ছোট সন্তানটি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। ক্যাম্পাসে তিল ধারণের জায়গা নেই। হাঁটতে গেলে গায়ে গায়ে ধাক্কা লাগে।
শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ই নয়, প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চিত্র একই। দেশের সব শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ে পড়বে, তা নয়। কিন্তু কর্মক্ষম হওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষালাভের অধিকার সবারই আছে। আমাদের বাজেটে শিক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হয় তা খুবই অপ্রতুল—এ কথা এখন সবাই বলছেন। একই সঙ্গে, সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একত্রে নেওয়া যায় কি না, তাও ভেবে দেখা দরকার। তাহলে অন্তত অভিভাবকদের এভাবে কষ্ট করতে হবে না।
সুরাইয়া পারভীন, ঢাকা।