কিছুদিন আগে প্রথম আলোর মতামত পাতায় সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ৩৮তম থেকে পরবর্তী বিসিএস পরীক্ষার লিখিত অংশে নতুন পদ্ধতি সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছেন।
৯০০ নম্বরের পরিবর্তে ৫০০ নম্বরে পরীক্ষা নেওয়া, ইংরেজি বিষয়ে নম্বর বৃদ্ধিকরণ ইত্যাদি বিষয়ের বিপরীতে তিনি নিজস্ব প্রস্তাব দিয়েছেন। তিনিও ইংরেজিতে নম্বর বৃদ্ধির কথা বলেছেন। এমনকি সম্ভব হলে সম্পূর্ণ পরীক্ষা ইংরেজি মাধ্যমে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
কিন্তু বিপিএসসি কর্তৃক গৃহীত বিগত বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নপত্র পর্যবেক্ষণ করলে দেখা যায়, ৩৫ ও ৩৬তম লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সম্পূর্ণ বাংলা ভাষায় করা হয়েছে।
এমনকি পেশাগত ক্যাডারের (সাবজেক্টিভ) প্রশ্নপত্রও বাংলায় করা হয়েছে। অথচ প্রায় সব বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ
বিষয় ইংরেজি মাধ্যমে অধ্যয়ন বাধ্যতামূলক করা হয়েছে।
আবার ৩৬তম বিসিএসে কিছু বিষয়ে প্রশ্নের মাঝে শব্দের ইংরেজি পরিভাষা ব্যবহার করা হয়েছে। পরীক্ষার্থীরা এগুলো সাধারণত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বাংলা মাধ্যমের বই থেকে পড়ে থাকে। যার ফলে শব্দগুলোর ইংরেজি পরিভাষা দেখলে খাবি খেতে হয়।
অথচ আগে প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি উভয় ভাষায় করা হতো। ফলে পরীক্ষার্থী যে মাধ্যমেই অধ্যয়ন করুক না কেন, প্রশ্ন বুঝতে সমস্যা হতো না।
ইংরেজিকে গুরুত্ব দেওয়া এবং শুধু বাংলা মাধ্যমে প্রশ্নপত্র তৈরি একধরনের বৈপরীত্য সৃষ্টি করে। নীতির সঙ্গে বাস্তবের মিল থাকা প্রয়োজন। ভাষাশিক্ষার ওপর অবশ্যই জোর দেওয়া উচিত। অন্তত দুটি ভাষায় আমাদের দক্ষতা থাকার বিকল্প নেই। মাধ্যমিক থেকেই এই দক্ষতা অর্জন শুরু হওয়া উচিত।
মো. রেজাউল হক
রাজশাহী।