দেশের সুশীল সমাজ অনেক দিন ধরে ভাবছে কীভাবে বিসিএস প্রিলিমিনারি কিংবা ভর্তি পরীক্ষায় নকল প্রতিরোধ করা যায়।
কেউ কেউ মত দিচ্ছে অনেকগুলো সেট কোড করার জন্য। কিন্তু আমার মনে হয় এতে কোনো লাভ হবে না, কারণ বর্তমানে যে ইলেকট্রনিক যন্ত্র রয়েছে, তা দিয়ে নিমেষেই পরীক্ষার্থীদের হাতে এসএমএসের মধ্য দিয়ে উত্তরপত্র চলে যায়। উত্তরপত্র পাওয়া যায় ১০০০/২০০০ টাকায়, কেউ আবার ১০০/২০০ টাকায়ও পায়। সময় এসেছে অন্ধকারাচ্ছন্ন যুগ থেকে বেরিয়ে আসার।
সম্প্রতি অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের (এমসিকিউ) ধরন সমগ্র জাতির তাক লাগিয়ে দিয়েছে। এই প্রশ্নপত্রে ছিল না কোনো সেট কোড। কিছু প্রশ্ন, ভিন্ন প্রশ্নমালায় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নপত্রটি তৈরি করেছে এবং কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষাগুলো সম্পন্ন করেছে।
এ বিষয়টি নজরে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষাটিও সম্পন্ন করেছে। এতে করে দুর্নীতিবাজ ব্যক্তিরা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারেনি।
আমি সবিনয়ে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের অনুরোধ করব, উল্লিখিত বিষয়টি মাথায় রেখে তারা যেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রীতি অনুসরণ করে তৈরি করেন। এতে করে ১০০/২০০ টাকার বিনিময়ে কোনো দিনই উত্তরমালা পাওয়ার সম্ভাবনা থাকবে না।
মো. আসাদুজ্জামান রিয়াজ
বিসিএস পরীক্ষার্থী।