বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে দেশের লাখো তরুণকে সরকারি চাকরির জন্য তুমুল প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় অবতীর্ণ হতে হয়! নিঃসন্দেহে বিসিএস তাঁদের ‘প্রথম’ পছন্দ! হাজারো সোনালি স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা, উৎসাহ-উদ্দীপনা নিয়ে তাঁরা অংশগ্রহণ করেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন কর্তৃক গৃহীত বিসিএস পরীক্ষায়। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীরাই লিখিত পরীক্ষার টিকিট পান। আগ্নেয়গিরিসম লিখিত পরীক্ষার বৈতরণি পেরোলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুবর্ণ সুযোগ মেলে।
চূড়ান্ত ফলাফলের সময় পিএসসি ক্যাডার আর নন-ক্যাডারভিত্তিক তালিকা প্রকাশ করে! যাঁরা একটু বেশি নম্বর পেয়ে ক্যাডার তালিকায় স্থান পান, তাঁরা গেজেটেড অফিসার হিসেবে সরকারি চাকিরতে যোগদান করেন। আর যাঁরা নন-ক্যাডারের তালিকায় থাকেন,
তাঁরা হন বিড়ম্বনা, বঞ্চনা ও বৈষম্যের শিকার! এই বৈষম্যের শুরু পিএসসির ক্যাডার আর নন-ক্যাডার বিভাজনের ঘোষণা থেকে!
এক দিকে প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে লাখ লাখ পদ খালি থাকার জন্য প্রশাসনিক স্থবিরতার সৃষ্টি হয়, অন্য দিকে বিসিএসে উত্তীর্ণ হয়েও চাকিরর জন্য মেধাবী নন-ক্যাডারদের চরম হতাশা। কেন ক্যাডার, নন-ক্যাডার বিভাজন? কেনইবা এই বৈষম্য? ক্যাডারদের পাশাপাশি নন-ক্যাডারদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করলে বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডাররা হতাশার সাগরে হাবুডুবু খেতেন না। সাংবিধানিক প্রতিষ্ঠানটি নন-ক্যাডার নিয়োগের জন্য বরাবর আন্তরিকতা দেখালেও মন্ত্রণালয়গুলোর অনীহা ও জটিলতার কারণে পিএসসির আন্তরিকতায় ভাটা পড়ে! অথচ প্রশাসন বিষয়টিকে আমলে নিলেও কর্ণপাত করছে না। তবে শিগগির এ সমস্যার সমাধান হতে পারে এমন শোনা যাচ্ছে। আমরা আশায় বুক বেঁধেছি।
খোরশেদ আলম
ঢাকা বিশ্ববিদ্যালয়।