বুকের দুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ থেকে ৭ আগস্ট উদ্যাপিত হলো বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এবারের প্রতিপাদ্য ছিল, ‘মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার, লক্ষ্য হোক সফল জীবন পাবার বিশ্বাস’। পোস্টার, ব্যানার সাঁটিয়ে এবং জেলা ও উপজেলা সভাকক্ষে আলোচনা সভা এবং শোভাযাত্রা করে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্যাপিত হয়। আমরা জানি, শিশু জন্মের সঙ্গে সঙ্গে তাকে মায়ের বুকের শালদুধ খাওয়াতে হবে। শালদুধ শিশুর পেটে জমে থাকা কালো পায়খানা বের করতে সহায়তা করে। প্রথমত, শিশুর টিকার কাজ করে। জন্ডিস, কানপাকা, অ্যালার্জি, জ্বর, ডায়রিয়াসহ কঠিন রোগ থেকে শিশুকে রক্ষা করে। দুই বছর পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। ছয় মাস পর অর্থাৎ সাত মাস বয়স থেকে শিশুকে বাড়তি খাবার খাওয়াতে হবে। চাল, ডাল, সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ানোর অভ্যাস করতে হবে। ছোট ছোট মাছ, ডিমের কুসুম, কলিজা রান্না করে শিশুকে খেতে দিতে হবে। জোর করে কখনোই শিশুকে খাওয়ানো যাবে না। শিশুর সব টিকা যথাসময়ে দিতে হবে। সেই সঙ্গে মায়ের বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে। এভাবে দুই বছর পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের এ প্রচারণাগুলো চালাতে হবে হাওর, নদীভাঙন এলাকা, চরাঞ্চলসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে। এসব এলাকায় চার-পাঁচ মাস বয়স থেকে শিশুকে নানা ধরনের খাবার দেওয়া হয়। সম্পূরক খাবার ও বাড়তি খাবার—এসব বিষয়ে তাদের ধারণা কম।
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের বড় একটি চ্যালেঞ্জ শিশুমৃত্যু ও মাতৃমৃত্যুহার কমানো। মায়ের বুকের দুধ শিশুর জন্য যেমন উপকারী, তেমনি মায়ের জন্য উপকারী। এতে মা ঘন ঘন গর্ভধারণ থেকে রেহাই পাবেন। মায়ের স্বাস্থ্য ভালো থাকবে। মায়ের বুকের দুধ শিশুকে নিয়মিত খাওয়ালে শিশুর কোনো অসুখবিসুখ হবে না। পরিবারেরও অর্থ সাশ্রয় হবে। তাই বুকের দুধের উপকারিতা বিষয়ে কার্যকর প্রচারণা চালাতে হবে সব এলাকায়৷ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ আশা করি।
মো. মকবুল হোসেন
মাহিগঞ্জ, রংপুর।