বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর বাবুবাজারসংলগ্ন সিঁড়ি যেন একটি বাসস্ট্যান্ড। মাওয়া-শ্রীনগর বাসগুলোর অনির্ধারিত বাসস্ট্যান্ডে পরিণত হয়েছে এ জায়গাটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনেই ঘটছে এ ঘটনা। প্রতিদিন মাওয়া-শ্রীনগর ও অন্য রুটের বাসগুলো ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর বাবুবাজার ব্রিজের সিঁড়ির এ স্থানটিতে ঠায় দাঁড়িয়ে থাকে যাত্রী ওঠানোর জন্য। এর ফলে দেখা দেয় যানজট। এখানে কোনো ট্রাফিকব্যবস্থা না থাকায় অঘোষিত বাসস্ট্যান্ডে রূপ নিয়েছে এ জায়গাটি। এতে করে প্রতিদিন নয়াবাজার থেকে তাঁতীবাজার মোড় পর্যন্ত তৈরি হয় দীর্ঘ যানজট। কখনো কখনো বংশাল থেকে সেতু পার হতেই এক ঘণ্টা লেগে যায়।
অনেক সময় ট্রাফিক পুলিশ রেকার নিয়ে এসে ধরপাকড় করে। তা কয়েক ঘণ্টার জন্যই। এর পরে আবার জায়গাটি আগের অবস্থায় ফিরে যায়। মাঝেমধ্যে কোনো রিকশাযাত্রী কিছু বললেই বাসগুলোর কন্ডাক্টর ও হেলপাররা মারতে তেড়ে আসেন। বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর নিচে নয়াবাজারে থাকা ট্রাফিক পুলিশদের জানানো হলেও তারা এতে কোনো কর্ণপাত করে না।
তাই যোগাযোগমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নিলে এ অঘোষিত বাসস্ট্যান্ডটি উঠিয়ে দেওয়া সম্ভব। তা না হলে দোহার, মাওয়া, শ্রীনগর প্রভৃতি এলাকা থেকে মানুষের পক্ষে ঢাকায় এসে অফিস করা সম্ভব হবে না। এতে তারা ঢাকায় এসে থাকতে বাধ্য হবে, ঢাকার ওপর চাপ আরও বাড়বে।
আলমগীর হোসেন, কেরানীগঞ্জ, ঢাকা।