পৃথিবীর উন্নত সামাজিক ব্যবস্থার দেশের কথা শুনি যে, সেখানে বৃদ্ধদের সিনিয়র সিটিজেন বলে সম্বোধন করা হয় এবং তাঁদের জন্য যানবাহনে সিট নির্ধারিত রাখা হয়। বিভিন্ন কার্যালয়ে তাঁদের সেবা দেওয়ার জন্য পৃথক ডেস্ক থাকে।
আমার বয়স ছিয়াত্তর। গত সপ্তাহে স্মার্ট কার্ড সংগ্রহ করার জন্য স্থানীয় কমিউনিটি সেন্টারের বাইরে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে। আমার মতো বয়সের অনেকেই ছিলেন। আমার ছেলে কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন, ষাটোর্ধ্ব নাগরিক বা শারীরিকভাবে অসমর্থ ব্যক্তিদের জন্য পৃথক লাইন বা কমিউনিটি সেন্টারের ভেতরে বসার সুযোগ দেওয়া যায় কি না। কিন্তু তা গ্রাহ্য হয়নি। যা হোক আমার ছেলে একটি চেয়ার নিয়ে গিয়েছিল তাই আমি বসে লাইন পাড়ি দিই এবং শেষ পর্যন্ত ঘণ্টা দু-একের মধ্যে কার্ড সংগ্রহ করতে পারি।
দিন দিন বয়স্ক লোকের সংখ্যা বৃদ্ধি পাবে। কল্যাণকর সামাজিক ব্যবস্থা গড়ে তোলার জন্য বয়স্ক নাগরিকদের কথা ভাবতে হবে। হাসপাতালে, ভোটের লাইনে, প্রদর্শনীতে ষাটোর্ধ্ব ও শারীরিকভাবে অসমর্থ ব্যক্তিদের জন্য আলাদা সারির সুযোগ প্রদান করা উচিত। অর্থনীতিতে সমৃদ্ধময় দেশ শুধু নয়, কল্যাণময় সমাজ গঠনে যেন সরকার-বেসরকারি নেতৃত্ব দৃষ্টি দেন, সেই কামনা করি।
শামসুন্নাহার বেগম, ঢাকা।