জায়গাটা গাজীপুরের মণিপুর, যেখান থেকে স্পষ্ট শোনা যায় মানবতার বুকফাটা আর্তনাদ। বৃদ্ধাশ্রমে প্রায় ৩০০ অবহেলিত, লাঞ্ছিত, দুঃখী মানুষের আবাস। তাঁদের বৃদ্ধাশ্রমে আসার নানাবিধ কারণ রয়েছে: সন্তান না থাকা, কখনো বৃদ্ধ বয়সে স্বামীর অবিশ্বস্ততা, সন্তানদের অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতা প্রভৃতি।
বৃদ্ধাশ্রমে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে বৃদ্ধদের সুন্দর পোশাক, সুস্বাদু খাবারসহ নানা উপহার দেওয়া হয়। সেখানে তাঁদের মধ্যেও সখ্য গড়ে উঠেছে। কিন্তু এসব কিছুই পারিবারিক আবহের বিকল্প হতে পারে না, সে জায়গা নিতে পারে না। জীবনের শেষবেলায় তাঁরা আপনজনের সান্নিধ্যেই থাকতে চান, বৃদ্ধাশ্রমে থাকা তাঁদের কাম্য নয়।
অনেক ক্ষেত্রেই বৃদ্ধদের এসব বৃদ্ধাশ্রমে না আসা ছাড়া গতি থাকে না। কিন্তু অনেক ক্ষেত্রেই তা এড়ানো যায়। আমাদের সহনশীলতা ও সহমর্মিতা বৃদ্ধদের শেষ জীবনটাকে অনেক সহনীয় করতে পারে।
মো. আবুল খায়ের
ঢাকা বিশ্ববিদ্যালয়।