বেওয়ারিশ কুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের রাস্তাঘাট ও অলিগলিতে দিন দিন বেওয়ারিশ কুকুরের সংখ্যা বাড়ছে। এতে জনগণ, দোকানদার, স্কুলগামী ছেলেমেয়ে ও ক্রেতাসাধারণ কুকুরের ভয়ে আতঙ্কগ্রস্ত। হৃষ্টপুষ্ট ও ভয়ংকর চেহারার কুকুরগুলো দল বেঁধে সকাল হতে না হতেই রাস্তায় দৌড়াদৌড়ি ও ডাকাডাকি শুরু করে।
প্রায় প্রতি মাসেই এই বেওয়ারিশ কুকুরগুলো দু-একজন লোককে কামড়ায়। ফলে জনগণ বাজারের রাস্তা দিয়ে হাঁটতে ভয় পাচ্ছে। একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। মানুষের নিরাপত্তার জন্য এই জনবহুল বাজারের বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সাংসদ ও উপজেলা ভাইস চেয়ারম্যানের কাছে আমার বিনীত অনুরোধ, বেওয়ারিশ কুকুরের উপদ্রব থেকে অরুয়াইলবাসীকে রেহাই দিন। অবিলম্বে ব্যবস্থা করুন। সবাইকে কুকুরের উৎপাত থেকে বাঁচতে দিন। পথচারীদের নির্বিঘ্নে, নির্ভয়ে চলাচলের সুযোগ করে দিন।
মনসুর আলী, ব্রাহ্মণবাড়িয়া।