বেকারত্ব মানে চাকরি না থাকা। সহজ অর্থে আমাদের সমাজে এটাই ধারণা করা হয়। যার কারণে আমরা খুব সহজে হতাশ হয়ে পড়ি বেকারত্বের দোহাই দিয়ে। আর এভাবেই সমাজের একশ্রেণির তরুণেরা হাত-পা গুটিয়ে বসে থাকেন স্বপ্ন দেখায়। মাঝেমধ্যে তাঁরা ছোটেন মরীচিকার পেছনে। বেছে নেন অনেক ঝুঁকিপূর্ণ কাজ। জড়িয়ে পড়েন অপরাধ কর্মে হতাশায় ভুগতে ভুগতে।
এভাবেই সমাজ হারায় অনেক বলিষ্ঠ ও মেধাবী তরুণকে।
অথচ অবশ্যই এটা ভুল ধারণা। আমাদের দেশে রয়েছে অনেক প্রাকৃতিক সম্পদ। এই সম্পদকে যদি কাজে লাগানো যায়, তবে বেকারত্ব অনেক হ্রাস পাবে। তবে সে জন্য প্রয়োজন মানসিক ইচ্ছা ও আন্তরিকতা। প্রয়োজন সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা। এ ছাড়া রয়েছে বিবিধ লাভজনক কাজ। হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, গরু-ছাগলের খামার ইত্যাদি আরও অনেক। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে যদি এই লাভজনক কাজগুলো করা যায়, তবে দেখা যাবে মুখে হাসি ফুটবেই। সচ্ছলভাবে জীবনযাপন করতে কোনো সমস্যাই হবে না। এ ছাড়া আর একটি কাজ হচ্ছে বৃক্ষরোপণ। এটা দীর্ঘমেয়াদি হলেও খুবই লাভজনক। পাশাপাশি পরিবেশ হবে উপকৃত। আজ বিশ্ব যে জলবায়ু বিপর্যয় নিয়ে চিন্তিত, সেই দিকটার সমাধান হবে একসময়, যদি এভাবে সবুজ বিপ্লব ঘটানো যায়।
এ ছাড়া রয়েছে অনেক অনাবাদি জমি। বিভিন্ন সুবিধার মাধ্যমে এই জমিগুলোকে যদি আবাদি করা যায়, তবে একদিকে যেমন বেকারত্ব কমবে, তেমনি অন্যদিকে খাদ্যের চাহিদা অনেকাংশে মিটবে। এই সবগুলো ব্যাপার নির্ভর করবে আমাদের সদিচ্ছার ওপর। কথায় আছে, ‘ইচ্ছা থাকলে উপায় হয়।’
সঞ্জয় কুমার ভৌমিক, শ্রীমঙ্গল।