বেকারত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। কিন্তু তার কিছু সমস্যা আছে, যার মধ্যে বেকারত্ব অন্যতম। যে হারে জনসংখ্যা বাড়ছে সে হারে কর্মসংস্থান বাড়ছে না। তাই বেকারত্ব দিন দিন বেড়েই চলছে। আমাদের দেশে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান মিলে খুব বেশি কর্মসংস্থান করতে পারে না, যা আছে তা-ও আবার অনেক সমস্যায় জর্জরিত। সেই নিয়োগও আবার স্বচ্ছ নয়।
আমাদের দেশের অধিকাংশ প্রতিষ্ঠান নিয়োগ–বাণিজ্য করে চলছে। আবেদন ফরমের দাম এত বেশি নেওয়া হয় যে সেই খরচ বেকারদের পক্ষে কুলানো কঠিন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের কোনো ব্যাংক প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে আবেদন ফরমের টাকা নিতে পারবে না। এটা আমাদের জন্য কল্যাণকর।
আমাদের দেশের সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশ ছাত্রছাত্রী দরিদ্র পরিবারের। অনেক গরিব মেধাবী ছাত্রছাত্রীর একমাত্র আশা বিসিএস ক্যাডার হয়ে কল্যাণমূলক কাজের মাধ্যমে দেশের ও জনগণের সেবা করা। ৩৭তম বিসিএসের আবেদন ফরমের দাম এত বেশি যে আমাদের মতো গরিব মেধাবী শিক্ষার্থীদের পক্ষে আবেদন করা সত্যিই অনেক কঠিন।
আর আমরা তো শুধু একটি পরীক্ষায় আবেদন করি না, আরও বিভিন্ন পরীক্ষায় আমাদের আবেদন করতে হয়। মেসে থাকতে হয়। ব্যাংকের মতো বিসিএসের ফরমও বিনা মূল্যে দেওয়া হোক, সেটা না হলে নামমাত্র মূল্যে তা বিক্রি করা হোক।
মো. গোলাম রব্বানী
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।