বাংলাদেশে সরকারি তথ্যেই বেকার ২৬ লাখ। কাজ নেই ৪৭ শতাংশ স্নাতকধারীর, বেকারদের মধ্যে চিকিৎসক প্রকৌশলী ১৪ দশমিক ২৭ শতাংশ। বেকারত্বের হারের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১২তম।
বেশির ভাগ কোম্পানি চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। আমরা আবেদন করি। কিন্তু ইন্টারভিউয়ের ডাক আসে না। অনেক কোম্পানি ইন্টারভিউ নেওয়ার পর বলে, ফলাফল পের জানানো হবে। বেশির ভাগ কোম্পানি শুধু অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগের জন্য গুরুত্ব দিয়ে থাকে। সরকারি চাকরির ক্ষেত্রে ৮-১২ লাখ টাকা চাওয়া হয়। অর্থাৎ টাকা দিয়ে চাকরি কিনতে হবে।
তাহলে আমাদের পড়াশোনা করে কী হলো। আমাদের তো মূর্খ থাকাই ভালো ছিল। ছোট ছোট কাজ করতে পারতাম। যারা টাকার বিনিময় চাকরি নিচ্ছে, তারা দুর্নীতির লাইসেন্স পেয়ে যাচ্ছে। ফলে দেশ দুর্নীতির সাগরে ডুবে যাচ্ছে। যারা টাকা ছাড়া চাকরি পেয়েছে, তারা দুর্নীতি কম করছে। কারণ, তাদের চাকরির জন্য টাকা ঋণ করতে হয়নি তাই তাদের চাপ খুব কম।
অন্যদিকে অনেক বেসরকারি প্রতিষ্ঠান বলছে, চাকরির উপযুক্ত লোক পাওয়া যায় না। অর্থাৎ আমাদের শিক্ষাব্যবস্থায় গলদ আছে। তা না হলে এ পরিস্থিতি সৃষ্টি হবে কেন? আশা করি, সরকার বিষয়টি ভেবে দেখবে।
মো. নাসিরউদ্দিন, ঢাকা।