ছেলেবেলায় জানতাম গুরুজনকে চিঠিপত্র পাঠালে দুটো খাম পাঠাতে হয় একসঙ্গে, কেননা পত্রপাঠের পর তিনি যেন খালিটার মাধ্যমে জবাব দিতে পারেন। এটা ছিল শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন। আর এখন দেখছি চাকরিদাতাদের সঙ্গেও অনুরূপ করতে হয়, আবশ্যিকভাবেই। প্রথম ক্ষেত্রে শুধু খাম হলেই চলত, আর এখানে তার সঙ্গে চাই অনেক কিছু! ফটোকপির দোকান থেকে তিন পিস ট্রেজারি চালানের কপি নিয়ে তা যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট ব্যাংকে লাইনে দাঁড়িয়ে ফিসহ জমা দিতে হবে।
ভাগ্য সুপ্রসন্ন হলে হবে একবারেই; না হয় কয়বারে হবে তা বিধাতাই জানেন! কেননা ব্যাংক কর্মকর্তা বলবেন এটা লেখেন, এটা লাল কালিতে সেটা কালো কালিতে, এটা এভাবে কেন ওভাবে, ইত্যাদি...। এরপর ব্যাংক থেকে দেওয়া সিল-ছাপ্পড়সমেত চালানের এক কপি এবং ইন্টারনেট থেকে ডাউনলোডকৃত ফরম পূরণকরত তিন কপি সত্যায়িত ছবিসমেত উপর্যুক্ত দুটি খাম পোস্ট অফিস থেকে রেজিস্ট্রি করে পাঠাতে হবে তাঁদের ঠিকানায়। আপনি পাঠালেন আর চলে গেল, বিষয়টা কিন্তু সে রকম না!
আবার কিছু প্রতিষ্ঠান বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলো রেফারেন্সসহ বিশাল ফরম পূরণের পর পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যদের শর্ট লিস্ট করে। অর্থাৎ পরীক্ষায় বসার আগেই আরেক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো নিয়োগ স্থায়ী, কোনোটা অস্থায়ী, কারও ফরম পূরণ করতেই লেগে যায় কয়েক ঘণ্টা সার্ভারে সমস্যার কারণে। যেন চাকরি খোঁজাটাই বড় চাকরি। কোনো প্রতিষ্ঠান চাইল স্নাতক, একই চাকরিতে অন্যজনের চাহিদা স্নাতকোত্তর। কারও রেজাল্ট এত চাই, কারও আরও ভালো দরকার; পাঁচ বছরের অভিজ্ঞতা হলে কারও চলবে, কারও আরও বেশি।
এ তো গেল আবেদনের প্রাথমিক প্রক্রিয়া। এত কিছুর পর দেখা গেল দু-তিনটা পরীক্ষা একই দিন একই সময়ে! অ্যাসিড টেস্ট আরকি! কোনটা ছেড়ে কোনটা ধরবেন, সে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। কর্তৃপক্ষের এসব নিয়ে ভাবার অবসর কই! পরীক্ষার প্রশ্ন নিয়ে কিছু বলার নেই। কিছু প্রশ্ন দেখলে মনে হবে, চাকরি নয়, ঢাবির আইবিএর ভর্তি পরীক্ষার প্রশ্ন!
যুবসমাজকে কি এভাবে এক্সপেরিমেন্টাল গিনিপিগ বানিয়ে রাখা হবে? আমরা এর অবসান চাই। বেকারেরা এমনিতেই মড়ার মতো, তঁাদের আর খাঁড়ার ঘা দেবেন না।
এম আর করিম, শিক্ষার্থী, জাবি।