বেতন ও পেনশন-বৈষম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সম্প্রতি প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও পেনশন বাড়িয়েছে। ১৯৯৭ সালে সরকারি কর্মচারীরা যে বেতন পেতেন, সে তুলনায় এখনকার কর্মকর্তা-কর্মচারীরা কয়েক গুণ বেশি বেতন পান। এমনকি ২০০৮ সালে অবসর নেওয়ার সময় একজন অতিরিক্ত সচিব যে মূল বেতন পেতেন, এখন অষ্টম পে-স্কেলে একজন সহকারী সচিবও তাঁর চেয়ে বেশি বেতন পাবেন।
সরকারি চাকরিকে আকর্ষণীয় করতে বেতন বাড়ানোর বিকল্প ছিল না। তবে এমন উল্লেখযোগ্য হারে বেতন বাড়ানোর প্রবণতা শুরু হয়েছে সপ্তম পে-স্কেল থেকে। ফলে যাঁরা ষষ্ঠ বা তারও আগের পে-স্কেলে অবসরে গিয়েছেন, তাঁরা সপ্তম ও অষ্টম পে-স্কেলে অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের তুলনায় অনেক কম পেনশন পাচ্ছেন।
কথা হচ্ছে, দ্রব্যমূল্য বাড়ার প্রভাব সেই মানুষদের জীবনেও পড়ছে। ফলে বর্তমান বাজার ও পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে তাঁদের পেনশন বাড়ানো উচিত। যদিও তাঁদের পেনশন স্বাভাবিকভাবেই ৪০-৫০ শতাংশ বাড়ছে, কিন্তু মহার্ঘ ভাতা বাদ দিলে সেই বৃদ্ধির হার হবে ২০-৩০ শতাংশ।
আর যাঁরা পেনশন সমর্পণ করেছেন, তাঁদের পুনরায় অপ্রত্যর্পণযোগ্য পেনশনের আওতায় আনতে সরকারের কাছে আবেদন করছি। চাকরিতে নতুন যোগ দেওয়া মানুষেরা সব সময় উপকৃত হন, এটাই রীতি। কিন্তু এই ব্যবধান কমানো উচিত।
ও. ই. আখন্দ, এজিএম (অব.), অগ্রণী ব্যাংক।