বেতন পরিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি ও এমপিওভুক্ত। অথচ এই এমপিওভুক্ত শিক্ষকেরা আজ সর্বতোভাবে অবহেলিত ও বেতনবৈষম্যের শিকার। উন্নত দেশগুলোতে শিক্ষকদের বেতন-ভাতাদি সবচেয়ে বেশি।

শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, শিক্ষকদের বেতন প্রতি মাসের ৭ তারিখে পাওয়ার কথা। কিন্তু পরিতাপের বিষয় হলো, কয়েক মাস ধরে লক্ষ করা যাচ্ছে যে, শিক্ষক–কর্মচারীদের বেতন বিলম্ব করে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, নভেম্বর ২০১৪ মাসের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারি অংশের টাকার চেক ছাড় করা হয় ৫ ডিসেম্বর ২০১৪ তারিখে। এতে বলা হয়, ১৪ ডিসেম্বর ২০১৪ তারিখের মধ্যে শিক্ষক-কর্মচারীরা তাঁদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেতন-ভাতাদি উত্তোলন করতে পারবেন।

কিন্তু সাধারণত দেখা যায়, অধিকাংশ সোনালী ব্যাংক শাখা কর্তৃপক্ষ সরকারি নির্দেশ অমান্য করে নির্ধারিত সময়ের চার–পাঁচ দিন পর শিক্ষক–কর্মচারীদের বেতন-ভাতাদি পরিশোধ করে। আর যেন এমন না হয়। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি খুবই কম। তার পরও যদি সময়মতো পাওয়া না যায়, তাহলে তাঁরা কীভাবে দুর্মূল্যের বাজারে জীবনযাপন করবেন?

মো. মাসুদ হোসেন

শিক্ষক, কুষ্টিয়া।