নতুন বেতনকাঠামোয় শতভাগ বেতন বৃদ্ধি হলেও প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের অনেকের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তার অন্যতম কারণ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়া এবং নিচের ধাপে বেতন গ্রেডে বৈষম্য। বিশেষ করে, গত কয়েক দিনে নতুন স্কেলকে কেন্দ্র করে শিক্ষকদের আন্দোলন ঘিরে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে যে অস্থিরতা শুরু হয়েছে, তা শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটাচ্ছে। অথচ একটি টেকসই উন্নয়ন দেশ গঠনের জন্য শিক্ষার বিপ্লব কিংবা ভালো শিক্ষকের বিকল্প নেই।
বর্তমানে প্রাথমিক শিক্ষায় অনার্স ও মাস্টার্স পাস করা অনেক মেধাবী ছাত্র যোগদান করছেন। তাই প্রাথমিক শিক্ষার ব্যাপক উন্নয়ন হচ্ছে, এর ভিত্তি সুদৃঢ় হচ্ছে। প্রাথমিক শিক্ষকেরা বহুদিন ধরে শান্তিপূর্ণভাবে তাঁদের ন্যায্য দাবি জানিয়ে এলেও সরকার তাতে সাড়া দেয়নি। অথচ শিক্ষকেরা কখনো শিক্ষার্থীদের শিক্ষাবঞ্চিত করে রাজপথ অবরোধ করে সাধারণ মানুষকে জিম্মি করেননি। তাঁরা কেবল নিয়মতান্ত্রিকভাবে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
কিন্তু বর্তমান বেতনকাঠামোয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতনে চার ধাপের পার্থক্য সৃষ্টি হওয়ায় সহকারী শিক্ষকেরা ব্যাপক বৈষম্যের শিকার হয়েছেন। অথচ স্বাধীনতার পর থেকে ২০০৫ সাল পর্যন্ত এ পার্থক্য ছিল এক ধাপের। এরপর ধাপে ধাপে তা বাড়ানো হয়েছে। অথচ উন্নত দেশে শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হয়। আমাদের দাবি, বেতনবৈষম্য কমিয়ে সহকারী শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার পাশাপাশি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল।
মো. আশরাফ উদ্দিন, যাত্রাবাড়ী, ঢাকা।