আর মাত্র এক দিন পরই ঈদ। ঈদে কোরবানি দেওয়ার জন্য মানুষ এখন পশু কিনতে ব্যস্ত। কোরবানির ঈদকে ঘিরে রাজধানীসহ সারা দেশে বেপরোয়া হয়ে উঠেছে অজ্ঞান পার্টি। অজ্ঞান পার্টি শুধু পশুর হাটে থেমে নেই। বাস, ট্রেন, লঞ্চ টার্মিনাল ও শপিং মলেও তৎপর হয়ে উঠেছে অজ্ঞান পার্টি। এরা খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ দিয়ে মানুষের সবকিছু লুটে পালিয়ে যায়।
অজ্ঞান পার্টির খাবার খাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই মানুষের চেতনা হারিয়ে যায়, পাঁচ-ছয় ঘণ্টার মধ্যে সেই চেতনা আর ফিরে আসে না। অজ্ঞান পার্টি এতটাই বেপরোয়া যে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে কাউকে মেরে ফেলতেও পিছপা হয় না।
সম্প্রতি চট্টগ্রামে এক গরু ব্যবসায়ী এই চক্রের হাতে নিহত হয়েছেন। এতেই বোঝা যায়, তারা কতটা বেপরোয়া। অজ্ঞান পার্টির হাত থেকে রেহাই পেতে হলে জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়াতে হবে। এসব চিহ্নিত গোষ্ঠীগুলোর ওপর আগে থেকেই নজরদারি করতে হবে।
ঈদের খুশিতে জনগণের নিরাপত্তা রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে। সচেতনতাই সবচেয়ে বেশি নিরাপত্তা দিতে পারে। আশা করি, ঈদকে সামনে রেখে জনগণের সর্বোচ্চ নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর ব্যবস্থা নেবে।
মো. নিজাম উদ্দিন
মৌলভীবাজার।