গত বছর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ন্যূনতম স্কোর ছিল ১২০, এবার তা বাড়িয়ে করা হয়েছে ১৪০। ফলে, গত বছর অনেক ছাত্রছাত্রী বিদেশে পড়তে চলে গেছে, এবার যাবে আরও অনেক বেশি। এসব ছাত্রছাত্রী সকলেই বিএমডিসি যোগ্যতা সার্টিফিকেট নিয়ে গেছে এবং এরা সবাই ফিরে এসে এ দেশেই ডাক্তারি করবেন, তবে নিজের দেশে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
মেডিকেল শিক্ষার মান উন্নয়নে ভর্তি পরীক্ষায় কঠিন শর্তারোপে তৎপর বিশ্ববিদ্যালয়, মন্ত্রণালয়, বিএমএ এবং বিএমডিসি। বিশেষ করে পেশাজীবী সংগঠন বিএমএর মহাসচিব অত্যন্ত সোচ্চার। স্বাস্থ্য খাতের প্রায় সর্বক্ষেত্রে এই অবক্ষয়ের যুগে মেডিকেল শিক্ষার মান উন্নয়নে শুধু ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের এমসিকিউ-এর ওপর এত গুরুত্ব কেন আরোপ করা হচ্ছে, তা আমাদের বোধগম্য নয়। অথচ অনেক সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে পর্যাপ্ত শিক্ষক ও ক্লাসরুম নেই। সংশ্লিষ্টজনদের অনড় অবস্থান কতটুকু যৌক্তিক ও বাস্তবসম্মত? বিষয়টি সবাইকে ভেবে দেখতে অনুরোধ করছি।
মোহাম্মদ আবদুল মোত্তালিব, ঢাকা।