বেসরকারি শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নীতিমালায় অধিভুক্ত কলেজগুলোয় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন ও সুযোগ-সুবিধা এমপিওভুক্ত শিক্ষকদের সমান প্রদানের নির্দেশনা থাকলেও বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স শ্রেণিতে পাঠদানকারী নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ৯৮ শতাংশ আজ বঞ্চিত।

কলেজ কর্তৃক নিয়োগকৃত শিক্ষকদের বেতন ৪ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে, যা দিয়ে একজন সাধারণ মানুষেরও মৌলিক চাহিদা নিবারণ করা সম্ভব নয়। ক্ষুধা, দারিদ্র্য, অনিশ্চিত ভবিষ্যৎ, বাসস্থানের অসুবিধা, চিকিৎসা ব্যয় মেটানোর অক্ষমতা—এসব নিয়ে শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীদের সামনে শির উঁচু করে কীভাবে দাঁড়ানো যায়! শিক্ষক যদি মেরুদণ্ড সোজা করে না দাঁড়াতে পারেন, তবে শিক্ষা জাতির মেরুদণ্ড হবে কীভাবে?

বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স শ্রেণি চালু হওয়ার ২২ বছরেও এই প্রশ্ন শুধু প্রশ্নই থেকে গেল। এই অবস্থা চলতে থাকলে মেধাবী, ব্যক্তিত্বসম্পন্ন, উচ্চশিক্ষিত ব্যক্তি বেসরকারি কলেজে কেন চাকরি করতে যাবেন?

শিক্ষকদের যথাযথ সম্মান দেখানোর কথা বলা হয়, কিন্তু যথাযথ বেতনের দায়িত্ব সংশ্লিষ্ট কলেজ অথবা সরকার কেউই নিচ্ছে না। কারণ, সম্মান দেখাতে বাজেটের প্রয়োজন না হলেও বেতন প্রদানে বাজেটের প্রয়োজন হয়।

বেতন না পাওয়া এই শিক্ষকদের আত্মমর্যাদা জাতি বা সরকারের কোন বিবেক দ্বারা মূল্যায়িত হলো, সেটা আমাদের বোধগম্য নয়?

মো. আলাউদ্দীন

মুন্সিগঞ্জ।