বাংলাদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে অনেক সরকারি বিদ্যালয় ও মহাবিদ্যালয় আছে। কিন্তু এই পর্যায়ের শিক্ষাব্যবস্থা প্রধানত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার ওপর নির্ভরশীল।
হাতে গোনা কয়েকটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজকীয় ক্যাডেট কলেজ থাকলেও মূলত এ দেশের মন্ত্রী, আমলা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও ব্যাংকারদের অধিকাংশেরই কিন্তু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ নিতে হয়েছে এবং হচ্ছে।
অথচ নির্মম সত্য এই যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি সরকারের অবহেলার যেন শেষ নেই।
অনেকেই জানেন, তবু স্মরণ করিয়ে দিই, সরকারি কর্মচারী নিজের বাড়িতে থেকেও বাড়িভাড়া বাবদ মূল বেতনের ৫০ শতাংশ পর্যন্ত অর্থ পেলেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আয়া থেকে শুরু করে কলেজের অধ্যক্ষ পর্যন্ত সবাই বাড়িভাড়া পান ৫০০ টাকা।
সরকারি কলেজের একজন অধ্যাপক বাড়িভাড়া বাবদ ২৫ হাজার টাকা পান। অথচ বেসরকারি কলেজের একজন অধ্যক্ষ পান মাত্র ৫০০ টাকা!
এ বৈষম্য মানুষ গড়ার কারিগরদের জন্য কতটুকু অবিচার সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো এটা কি চরম অপমানজনক নয়?
হ্যাঁ, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও অনিয়ম আছে। এমন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আছে, যাদের নিজস্ব তহবিলে কোটি কোটি টাকা আছে এবং এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকারি কর্মচারীদের চেয়েও ভালো সুবিধা পাচ্ছেন। তাঁরা চান না যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সরকারি হোক।
কিন্তু সেটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে যেসব বেসরকারি স্কুল-কলেজে দেশের সিংহভাগ শিক্ষার্থী পড়াশোনা করে, সেসব স্কুল-কলেজকে অবজ্ঞা করা কি কাজের কথা?
রাজকুমার সিংহ
মৌলভীবাজার।