বেসরকারি শিক্ষক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলা থেকেই শিক্ষক হওয়ার স্বপ্নটা বুকে লালন করে রেখেছি। এ স্বপ্ন শুধু আমার একার নয়, লাখ লাখ মেধাবী তরুণ-তরুণীদের। সেই স্বপ্নকে সামনে রেখে বাংলাদেশে লাখ লাখ বেকার তরুণ-তরুণী শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাস করে চাকরি নামের সোনার হরিণের অপেক্ষার প্রহর গুনছে।

এনটিআরসিএ কর্তৃক ঘোষিত রিপোর্ট অনুযায়ী, দেশে মাধ্যমিক স্তরের ৫০ হাজারের মতো বেসরকারি শিক্ষকের শূন্য পদ থাকার কথা থাকলেও গত ৩০ জুন অজ্ঞাত কারণে মাত্র কয়েক হাজার শূন্য পদের তালিকা প্রকাশিত হয়, যা বেকার তরুণ-তরুণীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে অধিকাংশ প্রার্থীই সুষ্ঠু নিয়োগপ্রক্রিয়া নিয়ে বড় আশঙ্কার মধ্যে আছেন। শূন্য পদের যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে অনেক জেলায় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের শূন্য পদের নামই নেই।

অভিযোগ উঠেছে, এনটিআরসিএর কাছে তথ্য প্রদানের সময় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান তথ্য গোপন করেছে, অথবা খণ্ডকালীন শিক্ষকের সুবিধা নিতে তথ্য দেয়নি। ফলে শূন্য পদের সংখ্যা কমে গেছে। শুধু তা–ই নয়, প্রার্থীদের কাছ থেকে বিশেষ সুবিধা নেওয়ার জন্য এনটিআরসিএ কর্তৃপক্ষ এ রকম সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে বলে কানাকানিও চলছে। বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত জরুরি বলে মনে করি।

নূরে আলম সিদ্দিকী

দিনাজপুর।