বেসরকারি শিক্ষকদের হাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন অষ্টম জাতীয় পে-স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে প্রায় দ্বিগুণ। কিন্তু বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জীবনে তেমন কিছু আসে না। বর্তমানে আমাদের দেশের প্রায় ৯০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি, সেগুলোর মধ্যে সবগুলো আবার এমপিওভুক্ত নয়। এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকেরা সরকারের তরফ থেকে কিছু পেলেও অন্যান্য বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকেরা কিছুই পান না। উন্নত দেশগুলোতে যেখানে শিক্ষকদের বেতন-ভাতাদি সবচেয়ে বেশি, সেখানে আমাদের দেশে বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা সরকারি অফিসের একজন পিয়নের চেয়েও কম।

শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা, যা দিয়ে বাড়িভাড়া তো দূরে থাক, বর্তমানে বাড়ির একটি বারান্দাও ভাড়া পাওয়া যায় না। চিকিৎসা-ভাতা দেওয়া হয় মাত্র ৩০০ টাকা। অথচ বর্তমানে একজন ভালো চিকিৎসক দেখানোর ফি ৫০০-৬০০ টাকা, এর সঙ্গে আছে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা। উৎসব-ভাতা কর্মচারীরা পান মূল বেতনের ৫০ শতাংশ, আর শিক্ষকেরা পান মাত্র ২৫ শতাংশ। একই দেশে দুই ধরনের নিয়ম।
সব সময় যদি সংসার চালানোর কথা চিন্তা করতে হয়, তাহলে শ্রেণিকক্ষে তাঁদের মন বসবে কীভাবে। আবার নতুন পে-স্কেল বাস্তবায়নের পর দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে সংসার চালানো আরও কঠিন হয়ে পড়বে। বেসরকারি শিক্ষকদের জন্য সরকারের কি কিছু করণীয় নেই?
মো. মোশতাক মেহেদী, কুষ্টিয়া।