বৈশাখী ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ঘোষিত ২০১৫ সালের বেতনক্রমের সুপারিশ অনুযায়ী ২০১৬ সালে ১৪২৩ বাংলা সন থেকে পয়লা বৈশাখ উদ্যাপনের জন্য কর্মরত সব কর্মকর্তা–কর্মচারী ও পেনশনভোগীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পাবেন। শুধু ব্যতিক্রম লক্ষ করা যাচ্ছে শতভাগ পেনশন সমর্পণকারী কর্মকর্তা–কর্মচারীদের ক্ষেত্রে। তঁারা এটা থেকে বঞ্চিত হয়েছেন। অথচ তাঁরা দুটি উৎসব ভাতা পেয়ে থাকেন।
তাঁরা যদি দুটি উৎসব ভাতা পেয়ে থাকেন, তবে বৈশাখী ভাতা স্বাভাবিকভাবে তাঁদের প্রাপ্য হওয়ার কথা। শতভাগ পেনশন সমর্পণকারী সবাই প্রবীণ নাগরিক। পৃথিবীর সব দেশেই প্রবীণ নাগরিকেরা অতিরিক্ত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়ে থাকেন। অথচ আমাদের দেশে এই নিয়মের ব্যত্যয় দেখা যাচ্ছে। নববর্ষ বাঙালির একমাত্র সর্বজনীন উৎসব। বলতে হয়, এই উৎসবে বোনাস চালু করে সরকার দূরদৃষ্টির পরিচয় দিয়েছে। কিন্তু আমাদের মতো প্রবীণদের বঞ্চিত করে সরকারের কী লাভ?
মো. হাফিবুল ইসলাম
হাতিরপুল, ঢাকা।