ব্যবসায়ীদের কথা ভাবুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববাজারে তেলের দাম অর্ধেকের বেশি পড়ে যাওয়া সত্ত্বেও সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে। সরকার তেলের দাম কমালে অর্থনীতির নিয়ম অনুসারে এর প্রভাবে বিনিয়োগ, ভোগ, সঞ্চয় ও করের পরিমাণ বাড়ত, আর তার ফসল সরকারের ঘরেই উঠত। বিশ্ববাজারে তেলের দামের প্রভাবে বিভিন্ন মুদ্রার মান কমেছে, ফলে ব্যবসায়ীরা পণ্যের বেশি দাম পাবেন না। বছরের শুরুর দিকে টানা তিন মাস আগুন–সন্ত্রাসের কারণে ব্যবসায়ীরা মার খেয়েছেন। যুক্তরাষ্ট্র জিএসপি–সুবিধা স্থগিত করায় এমনিতেই সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। যত দূর জানা যায়, তাঁরা এখনো নতুন বাজারের দিশা পাননি।
আবার যে রপ্তানিকারকেরা ইউরোপে পণ্য রপ্তানি করেন, তাঁরা নানা রকম সমস্যার মুখে পড়েছেন। দু-একটি দেশ ছাড়া ইউরোপের বেশির ভাগ দেশই ২০০৮ সালের মন্দা কাটিয়ে উঠতে পারেনি। ইউরোর দাম কম থাকায় আমদানিকারকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিভিন্ন দেশ তাঁদের প্রলুব্ধ করতে মুদ্রার মান অবমূল্যায়ন করছে, চীন পরপর দুই দিন, অর্থাৎ ১১ আগস্ট ১ দশমিক ৯ শতাংশ এবং পরবর্তী দিন মুদ্রার মান ১ শতাংশ অবমূল্যায়ন করে। চীনের পথ ধরে ভারত, তুরস্ক, মালয়েশিয়া নিজ নিজ মুদ্রার মান অবমূল্যায়ন করেছে।
কিন্তু আমাদের টাকার অবমূল্যায়ন তো করা হয়ইনি, বরং উৎস কর বাড়িয়ে রপ্তানিকারকদের আঘাত করা হয়েছে। তাই চলতি অর্থবছরের (২০১৫-১৬) প্রথম মাসেই রপ্তানি আয়ে ঋণাত্মক প্রবৃদ্ধি (১১ দশমিক ৯৬ শতাংশ) হয়েছে। অর্থনৈতিক অবরোধ থাকায় রাশিয়ায় রপ্তানি বাড়ছে না। অর্থনৈতিক মন্দা থাকায় ব্রাজিলসহ নতুন বাজারেও রপ্তানির প্রবৃদ্ধি হচ্ছে না।
তাই অর্থমন্ত্রীর কাছে আমাদের আবেদন, রপ্তানি বাড়ানোর স্বার্থে উৎস কর আগের পর্যায়ে (শূন্য দশমিক ৩০ শতাংশ) রাখুন, টাকার মান অবমূল্যায়ন করুন। যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে মূসক ১১ প্রথা বাতিল করুন, কারণ রপ্তানিকারকেরা এখন ১ শতাংশ কর দিচ্ছেন। এ প্রথা খুবই হয়রানিমূলক। আর দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
নুরুল আমিন, ব্যবসায়ী, ঢাকা।