ব্যাংকের শাখা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার অন্তর্গত গ্রামপাঙ্গাশী একটি ঐতিহ্যবাহী বাজার। এ বাজারের পাশেই রয়েছে গ্রামপাঙ্গাশী মহাবিদ্যালয়, বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি হাসপাতালসহ একটি প্রাথমিক বিদ্যালয়। তা ছাড়া এ বাজারে সপ্তাহে দুই দিন হাট বসে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখানে কোনো ব্যাংকের শাখা নেই। ফলে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে।
এতে হাট ও বাজারের ব্যবসায়ীদের লেনদেন করতে অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে, পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করতে গিয়ে নানা রকম হয়রানির শিকার হতে হয়। বিল জমা দিতে বেশ কিছুটা দূরে যেতে হয়, যেটা বয়স্ক মানুষের জন্য বিরাট সমস্যা। এ অবস্থায় গ্রামপাঙ্গাশী বাজারে যেকোনো ব্যাংকের একটি শাখা স্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মোকাদ্দেস হোসাইন
সিরাজগঞ্জ।