দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে মাত্রাতিরিক্ত হারে সেবা মাশুল আদায় করছে। আগে ব্যাংকে টাকা রাখলে ব্যাংক গ্রাহককে উচ্চহারে লাভ ছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধা দিত। চেকবই, ব্যাংক স্টেটমেন্ট, আয়কর স্টেটমেন্ট ইত্যাদির জন্য ব্যাংক কর্তৃপক্ষ কখনোই সেবা মাশুল আদায় করত না।
কিন্তু এখন এসব সেবার জন্য অযৌক্তিক হারে সেবা মাশুল আদায় করা হচ্ছে! একটি ব্যাংক স্টেটমেন্টের জন্য ইসলামী ব্যাংক আমার হিসাব থেকে ১০০ টাকা কেটে নিয়েছে। এ ছাড়াও বিভিন্ন কারণে গ্রাহকদের না জানিয়েই হিসাব থেকে টাকা কর্তন করা হয়।
উল্লেখ্য, ব্যাংকগুলো দাবি না করা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষই বিভিন্ন সেবার জন্য ব্যাংকগুলোকে সেবা মাশুল কর্তনের অনুমতি দিয়েছে।
দেশে প্রয়োজন ছাড়া রাজনৈতিক বিবেচনায় বিপুলসংখ্যক ব্যাংক স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। ফলে অধিকাংশ ব্যাংকই গ্রাহক সংকটে পড়েছে।
অবস্থা এমন দাঁড়িয়েছে যে অদূর ভবিষ্যতে ব্যাংকে টাকা রাখার জন্য ব্যাংক হয়তো মুনাফা দেবে না, উল্টো গ্রাহকের কাছ থেকেই মাশুল আদায় করবে! ব্যাংকগুলো খেলাপি ঋণ আদায় করতে পারে না, অথচ গ্রাহকের কাছ থেকে এসব মাশুল আদায় করছে। এটা মোটেই গ্রহণযোগ্য নয়।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিয়েছে, ব্যাংকের নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া যাবে না। আশা করি, কেন্দ্রীয় ব্যাংক সেবা মাশুলের বিষয়টিও ভেবে দেখবে।
মো. আলী হায়দার
পল্লবী, ঢাকা।