ব্লগার হত্যার বিচার চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত চার মাসে দেশে তিনজন ব্লগারকে কুপিয়ে হত্যা করা হলো, কিন্তু এখন পর্যন্ত এসব খুনের বিচারে তেমন অগ্রগতি আমরা দেখলাম না। ব্লগার আশিকুরের খুনিদের জনতা হাতেনাতে ধরার পরও এই খুনের হোতাদের পুলিশ এখনো ধরতে পারেনি। ব্যাপারটা সত্যি দুঃখজনক, একই সঙ্গে তা আতঙ্কেরও বটে।

আমরা ব্লগারদের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হই বা না হই, এই খুনের বিচার আমাদের চাইতে হবে। ন্যায়বিচারের স্বার্থে আমাদের তা করতে হবে। তা না হলে দেখা যাবে, কোনো সময় আমরা নিজেরা আক্রান্ত হলে আমাদের পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। তার চেয়ে বড় কথা হলো, এভাবে একদল মানুষ লক্ষ্যবস্তু করে আরেক দল মানুষকে খুন করে যাবে, আর তার বিচার হবে না, তা হতে পারে না। এই রাষ্ট্র কোনো গোষ্ঠীর মালিকানাধীন সম্পত্তি নয়। আর বিচার করতে না পারলে রাষ্ট্রের কাজ কী, সেই প্রশ্ন আজ আমাদের তুলতে হবে।

এই বিচারহীনতার সংস্কৃতি এভাবে চলতে পারে না! আমরা যদি নিজেদের সভ্য দাবি করি, তাহলে অপরাধের বিচার করতে হবে। সরকারকে এ ব্যাপারে সচেষ্ট হতে হবে, তাকে মুখ ফিরিয়ে থাকলে চলবে না। আমরা চাই, দেশে সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হোক। যেখানে সবাই নিঃসংকোচে মতামত দিতে পারবে, মত প্রকাশ করার জন্য কাউকে জান দিতে হবে না। সভ্য হতে গেলে সেটা করতে হবে, এর বিকল্প নেই।

ঢাকা।